কথায় আছে, যেখানে ৫ জন বাঙালি থাকেন সেখানেই দুর্গাপুজো (Durga Puja) হয়, আর যেখানে ১০জন থাকেন সেখানে ২টো দুর্গাপুজো হয়- সেই কথাই যেন সত্যি হয়েছে নিউটাউনের (News Town) CC ব্লকে। সদ্য গজিয়ে ওঠে শহরেও পুজো ঘিরে আকচাআকচি। ঝামেলা গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার, শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, কোন গোষ্ঠী পুজো আয়োজনের দায়িত্ব পাবে সেটা লটারির মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আদালত সূত্রে খবর, হিডকোর (HIDCO) জমিতে পুজো করার অনুমতি মেলেনি। পুজোর বার্ষিক খরচের আনুমানিক হিসেবও জমা দেওয়া হয়নি। এই কারণে এনকেডিএ (NKDA) পুজোর অনুমোদন বাতিল করে দেয়। এর পরই দুর্গাপুজো করার দাবি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় পুজোকে কেন্দ্র করে নিউটাউন CC ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও প্রতিবেশীদের এক প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী।
এদিন বিচারপতি কৃষ্ণা রাও জানান, এস্টেট ম্যানেজার লটারি প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবেন। CC ব্লকের সাধারণ বাসিন্দারা পাড়ার মণ্ডপে গিয়ে অঞ্জলি দিতে পারবেন কি না সেটা নির্ভর করছে লটারির জয়ের উপরই। পুজোকে কেন্দ্র করে এলাকায় কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখতে স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।















