দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ। পুজোর মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা, নতুন পোশাক বাছাই, প্যান্ডেল ঘোরার পরিকল্পনা। কিন্তু সেই আনন্দে যদি বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি, তা হলে মাটি হতে পারে সমস্ত প্রস্তুতি। এ বার পুজোয় তেমনই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Forcast) অনুযায়ী, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। বাদ পড়বে না কলকাতাও (Kolkata)। তবে নবমী থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হলেও আবহাওয়া থাকবে শুষ্ক। 

আরও পড়ুন: সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো বদলি নয়, দফতরগুলিকে নির্দেশ নবান্নের

শুক্রবার বিকেলে দুর্গাপুজো উপলক্ষে বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়া থেকে একাদশী পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, সেই বিষয়ে বিস্তারিত পূর্বাভাস দেওয়া হয়েছে। এ বার পুজোয় সপ্তমী দু’দিন হওয়ায় সেই দিনগুলির আবহাওয়ার পূর্বাভাসও আলাদা করে জানানো হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ অক্টোবর, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই তালিকায় রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। অর্থাৎ, পুজোর প্রথম দিকেই বৃষ্টির মুখে পড়তে পারেন ঠাকুর দেখতে বেরনো মানুষজন। বিশেষ করে খোলা মণ্ডপে যাঁদের যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাঁদের আবহাওয়ার দিকে নজর রাখতে হবে।

আরও পড়ুন: দেবীপক্ষের শুরুতেই ফের বৃষ্টির ভ্রুকুটি ! জেনে নিন আবহাওয়ার আপেডট

১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী এবং অষ্টমীতেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ফলে অষ্টমীর অঞ্জলি, পুজো পরিক্রমা কিংবা পরিবারের সঙ্গে ঘোরার পরিকল্পনায় বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। পুজোর শেষের দিকে অবশ্য স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। ২০ থেকে ২২ অক্টোবর, অর্থাৎ নবমী, দশমী এবং একাদশীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনো থাকতে পারে। এই তিন দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। সেই হিসেবে নবমী থেকে দশমী পর্যন্ত নির্বিঘ্নে ঠাকুর দেখার সুযোগ মিলতে পারে। তবে আবহাওয়ার পূর্বাভাস পরিবর্তিত হতে পারে। তাই পুজোর দিনগুলিতে নিয়মিত হাওয়া অফিসের আপডেটে নজর রাখা জরুরি।


কলকাতার জন্যও আলাদা করে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মহালয়ার দিন শহরের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ১১ থেকে ১৩ অক্টোবর, অর্থাৎ তৃতীয়া পর্যন্ত কলকাতায় বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। চতুর্থীতে শহরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। পঞ্চমী, ষষ্ঠী এবং প্রথম সপ্তমীতে, অর্থাৎ ১৫ থেকে ১৭ অক্টোবর, কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ১৮ ও ১৯ অক্টোবর, অর্থাৎ দ্বিতীয় সপ্তমী এবং অষ্টমীতেও কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ২০ অক্টোবর, নবমী থেকে শহরে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।


দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। মহালয়ার দিন উত্তরবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তার পর পঞ্চমী পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ষষ্ঠী এবং সপ্তমীতে, অর্থাৎ ১৬ ও ১৭ অক্টোবর, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তার পর আবার আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, পুজোর প্রথম ভাগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। তবে নবমী থেকে আবহাওয়া অনুকূলে থাকার ইঙ্গিত মিলেছে।