ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে অসমের নম্বর প্লেট লাগানো একটি ছোট গাড়ির পিছনের অংশে ঝুলছেন টোল প্লাজার এক কর্মী। তাঁকে নিয়ে প্রায় ১২ কিলোমিটার পথ বেপরোয়া গতিতে ছুটে যায় গাড়িটি। ঘোষপুকুর টোল প্লাজায় টোল দেওয়াকে কেন্দ্র করে একটি গাড়ির চালকের সঙ্গে টোল কর্মীদের অশান্তি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই টোল প্লাজা থেকে কিছুটা দূরে দেখা যায় ওই গাড়ির পিছনের দরজায় এক ব্যক্তি ঝুলছেন। শনিবার মহম্মদ বাবলু নামে এক ব্যক্তি রোগীকে নিয়ে ইসলামপুর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন। সেই সময়ে এই ঘটনা দেখে তিনি নিজের ফোনে সেটি রেকর্ড করেন ও গাড়িটির পিছু নেন। আরও পড়ুন: ‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির চালক লরিগুলিকে ওভারটেক করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছিলেন। প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করার পর, বাবলু ও অন্যান্য পথচারীরা গাড়িটিকে আটকে দেন। গাড়ির পিছনে ঝুলতে থাকা টোলকর্মীকে উদ্ধার করা হয়। জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালক-সহ গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের আটক করেছে। জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কী থেকে ঝামেলা আর কেন এমন ঘটল জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
-
-
-
-
-
-
















