তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তিনি (Tarakeswar Chakraborty)। পুলিশ সূত্রে খবর, গত ২৩ জুন সার্ভে পার্ক থানায় তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ দুটি এফআইআর (FIR) রুজু করে।

১০৫ নম্বর এফআইআরে শ্লীলতাহানির অভিযোগ ছিল। এই মামলায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে এক মহিলাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে বলপ্রয়োগ, শ্লীলতাহানি, অনধিকার প্রবেশ, কাজে বাধা দেওয়া, মারধর, সম্পত্তির ক্ষতি, চুরি এবং ভয় দেখানোর মতো একাধিক গুরুতর ধারা যুক্ত করা হয়েছে। ১০৬ নম্বর এফআইআরে তোলাবাজির অভিযোগে, দ্বিতীয় এফআইআরটিতে তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে। আরও পড়ুন: টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

পুলিশ জানিয়েছে, ধৃত প্রাক্তন কাউন্সিলরকে শনিবারই আদালতে হাজির করা হবে। ঘটনার গভীরে পৌঁছাতে এবং জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বলে জানা গিয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদল ও পুরবোর্ড ভেঙে যাওয়ার পর থেকেই পুরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি ও জোরজুলুমের অভিযোগে আইনি পদক্ষেপ করছে পুলিশ। সেই তালিকায় এবার যুক্ত হলো ১০৪ নম্বর ওয়ার্ডের প্রবীণ নেতা তারকেশ্বর চক্রবর্তীর নাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

–

–

–

–

–
