যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিস খালি করে দেওয়ার জন্য যে নোটিশ দিয়েছিল দমকল, বুধবার তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের এই অফিসের অগ্নি নির্বাপন সংক্রান্ত কী কী ত্রুটি রয়েছে তার সম্পূর্ণরূপে পর্যালোচনা করে সেগুলি সারিয়ে নেওয়ার জন্য নতুন করে নোটিশ পাঠাতে হবে। তার জন্য কিছুটা সময় দেওয়াও বাধ্যতামূলক। সেই সময়সীমা অতিক্রান্ত হলে ফের পরিদর্শন এগিয়ে সবকিছু খতিয়ে দেখবেন দমকল বিভাগের আধিকারিকরা, নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের (Justice Krishna Rao)।

আরও পড়ুন: 'চোখ বলছে এখনও শেষ নয়', চিকিৎসাধীন অভিষেকের ইনস্টা স্টোরি ঘিরে জোর চর্চা

তৃণমূলের (AITC ) ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের নোটিশের উপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল উচ্চ আদালত। আজকে শুনানিতে রাওয়ের বেঞ্চ জানায়, আবার নোটিশ দিতে হবে দমকলকে। সুরক্ষার জন্য অফিসে কী কী প্রয়োজনীয় সেই বিষয়ে বিস্তারিত জানাতে হবে।সেই নির্দেশিকা মেনে সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা যদি অভিষেকরা না মানেন তবে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করতে পারবে দমকল। তার আগে নয়। মমতাপন্থী তৃণমূল আদালতের এই রায়কে নৈতিক জয় হিসেবেই দেখছে।

ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ তুলেছিল মমতাপন্থী তৃণমূল। কলকাতা পুরসভার আধিকারিক ও পুলিশ অভিষেক অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। এই আবহে ক্যামাক স্ট্রিটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসে যায় দমকল, সবকিছু খতিয়ে দেখার পর সপ্তম ও অষ্টম তলায় অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ নয় বলে অভিযোগ করে ৪ সেপ্টেম্বর একটি নোটিশ ধরানো হয়। বলা হয়, অবিলম্বে সংশ্লিষ্ট ভবন খালি করে দিতে হবে। এরপরই আদালতে দ্বারস্থ হন অভিষেক। সেই মামলাতেই দমকলের নোটিশ খারিজ করল হাইকোর্ট।