আপনি কি ছোট-বড় সব কাজেই ইউপিআই ব্যবহার করে টাকা লেনদেন করেন? তাহলে এবার থেকে ট্রানজাকশন করার আগে মনে রাখতে হবে কেন্দ্রের নয়া নিয়মের কথা। কারণ ২০০০ টাকার বেশি হলেই ইউপিআই পেমেন্ট করার অতিরিক্ত মাশুল দিতে হবে আমজনতাকে! ডিজিটাল যুগে ক্যাশলেস পরিষেবার প্রতি আগ্রহ বাড়ছে দেশের তরুণ প্রজন্মের। রাস্তাঘাটে চা-ফুচকা খাওয়া থেকে শুরু করে কেনাকাটা বা অন্যান্য প্রয়োজনে টাকা লেনদেনের জন্য ইউপিআই অন্যতম ভরসাযোগ্য মাধ্যম হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়েই এই লেনদেনের চার্জ নিয়ে একাধিক নিয়ম জারি করা হচ্ছে বলে জল্পনা বাড়তে থাকে। এবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী, সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে অতিরিক্ত কোনও টাকা দিতে হবে না।
আরও পড়ুন: যোগীরাজ্যে বিজেপি নেতার ফাঁকা জমিতে ভয়াবহ বিস্ফোরণ! উদ্ধার অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির দুই পা
সোমবার কেন্দ্রের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, কোনও গ্রাহক ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই-তে টাকা পাঠালে তার কাছ থেকে ব্যাংক বা পেমেন্ট সিস্টেম কোনও ধরনের লেনদেন চার্জ নিতে পারবে না। কিন্তু যদি টাকার পরিমাণ তার বেশি হয় তাহলে অতিরিক্ত মাশুল গুনতে হবে? এখানেই তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ সরকারের বিজ্ঞপ্তিতে এমন কোনও কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। তাই খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে (payment and settlement systems act) সম্প্রতি একাধিক পরিবর্তন আনা হয়েছে। এরমধ্যে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে অতিরিক্ত ফি চালু করার মতো কাঠামো তৈরি করা হয়েছে। যদিও এর অর্থ এমন নয় যে এখন থেকেই ২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্ট করতে গেলে বাড়তি টাকা দিতে হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু হলে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই সাধারণ মানুষের এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
















