উত্তরপ্রদেশের চিত্রকূটে বিজেপি নেতার ফাঁকা জমিতে বিস্ফোরণ ঘিরে তীব্র চাঞ্চল্য। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহের দু’টি পা। দেহের বাকি অংশের যদিও এখনও কোনও সন্ধান মেলেনি। পুলিশ সূত্রে খবর, জমিটির মালিক স্থানীয় বিজেপি নেতা জগদীশ গৌতম। সোমবার রাতে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সেখানে গিয়ে দেখা যায়, বিস্ফোরণের অভিঘাতে জমিতে তৈরি হয়েছে বড় গর্ত। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচিলের একাংশও। ঘটনাস্থলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে বিস্ফোরণের চিহ্ন। স্বাভাবিকভাবেই উন্নয়ন ও সুশাসনের দাবি যতই জোরালো হোক, দুর্নীতির অভিযোগ সামনে এলে প্রশ্ন উঠবেই প্রশাসনের স্বচ্ছতা নিয়ে। সরকারি প্রকল্প থেকে স্থানীয় প্রশাসন—বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে বারবার বিতর্কে উত্তরপ্রদেশ।
চিত্রকূটের পুলিশ সুপার অরুণ কুমার সিংহের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড, স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং স্থানীয় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরক নিয়ে কাজ করার সময় দুর্ঘটনার জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানতে আশপাশের গ্রামগুলিতে খোঁজ চলছে। এখনও পর্যন্ত কোনও নিখোঁজ ব্যক্তির অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। একইসঙ্গে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে ফরেন্সিক দলের সদস্যরা নমুনা সংগ্রহ করছেন। বিশেষজ্ঞ দল আনার পাশাপাশি বিস্ফোরকের নমুনা পরীক্ষার জন্য BDDS-এর সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত জমির মালিক বিজেপি নেতা জগদীশ গৌতমের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
















