গৃহস্থালির বিদ্যুতের বিলের চাপ কমাতে এবং সৌরশক্তির প্রসার ঘটাতে নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। মঙ্গলবার ভিডিও কলের মাধ্যমে তিন উপভোক্তার সঙ্গে সরাসরি কথা বলে অভিজ্ঞতা শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকল্পের প্রধান সুবিধাগুলি নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "১০০ ইউনিট সৌরবিদ্যুতের জন্য মিলবে ৩০,০০০ টাকা সাবসিডি। তপশিলি জাতি ও উপজাতি (SC/ST) পরিবারের জন্য রাজ্য দেবে আরও ৫,০০০ টাকার অতিরিক্ত ছাড়। ১ মার্চ ২০২৭-এর মধ্যে ১ লক্ষ ইউনিট স্থাপনের লক্ষ্য রাখা হয়েছে। আমরা চাই ৫ তা বেড়ে ৫ লক্ষ হোক। আজ নতুন করে ১,৮১০টি পরিবার যুক্ত হলো। জেলায় শীর্ষে উত্তর ২৪ পরগনা (২৩৮) ও হুগলি (২৩২)।"
আরও পড়ুন: সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
অনুষ্ঠানে মালদহের পলাশ যাদব ও দার্জিলিংয়ের কুমার রাই জানান, সাবসিডি পাওয়ার পর এই সিস্টেম বসিয়ে তাঁদের বিদ্যুতের বিল অনেক কমেছে। পলাশ যাদব মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, "আমাদের গ্রিন এনার্জির প্রতি অনেক আগ্রহ ছিল। ১ লা জুলাই ৭৮ হাজার টাকা সাবসিডি পেয়েছি। আগের তুলনায় কারেন্ট বিল অনেক কম আসছে। এই সাবসিডি দেওয়ার ফলেই আমরা এই প্রকল্প নিতে পেরেছি।"
আগের সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, আগের তৃণমূল সরকার কেন্দ্রের সব প্রকল্প বন্ধ করেছিল। ফলে তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল বাংলার মানুষ। এবার ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের সব প্রকল্প বাংলায় চালু করবে।" মুখ্যমন্ত্রী সবাইকে পরিবেশবান্ধব এই প্রকল্পে এগিয়ে আসার আহ্বান জানান। প্রশাসন সূত্রে জানানো হয়, বর্তমানে ১ লক্ষের কোটা থাকলেও তা বাড়িয়ে ৫ লক্ষ করার পরিকল্পনা রয়েছে, যা প্রান্তিক মানুষের আর্থিক সাশ্রয়ে বড় ভূমিকা নেবে।
















