প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের নেপথ্যে কারা রয়েছেন তা জানতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari), মঙ্গলবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের (Hasi Rani Rath) মনোনয়নে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রনাথ খুনের নেপথ্যে বিরোধীদলের হাত রয়েছে। এমনকি শুটারদের ২ কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল বলেও দাবি করেছেন তিনি!
মে মাসের ৪ তারিখে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হতেই দেখা যায় বিজেপি (BJP ) বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে। এর ঠিক দুদিনের মাথায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ মধ্যমগ্রামে খুন হন। বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর দেহ। ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই নিহত আপ্ত সহায়কের মাকে এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। এদিন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন, চন্দ্রের খুনিরা সর্বোচ্চ শাস্তি পাবে। এরপরই তাঁর দাবি একাধিক কল রেকর্ডিং শুনে তিনি বুঝেছেন, যে এই ঘটনার নেপথ্যে বিরোধীদলের হেভিওয়েট নেতা ও তাঁর শাগরেদরা নাকি জড়িত আছেন।
মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত শুভেন্দুর একাধিক আপ্ত সহায়কের রহস্যজনক মৃত্যু নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা কম নয়। তবে চন্দ্রনাথের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই শোরগোল বাড়ে তার কারণ ঠিক যখন রাজ্যের শাসনভার গ্রহণ করবেন শুভেন্দু এরকম কথা শোনা যাচ্ছে ঠিক তখনই প্রকাশ্যে জনবহুল রাস্তায় তাঁর আপ্ত সহায়কের খুন নিঃসন্দেহে নিরাপত্তার উপর অনেকগুলো প্রশ্ন চিহ্ন তুলে দেয়। এখনও পর্যন্ত এই ঘটনার তদন্তে জড়িত থাকার সন্দেহে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই তদন্ত করলেও নেপথ্যে বা কারা রয়েছে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এরই মাঝে চন্দ্রনাথের মায়ের নমিনেশন জমা দেওয়ার দিন মুখ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু শুভেন্দুর কথায়, "সুপারি কিলারদের ২ কোটি টাকা দেওয়া হয়েছে। আমি ডায়মন্ড হারবারের অনেক লোকের কল রেকর্ডিং শুনেছি তবে এখন মামলা বিচারাধীন তাই বেশি কিছু বলব না।" মুখ্যমন্ত্রী সরাসরি এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন। রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছেন, সিবিআই তদন্তে তাঁর আস্থা রয়েছে এবং দ্রুত আসল ঘটনা প্রকাশ্যে আসবে।
















