তোলাবাজি-হুমকির অভিযোগের সপক্ষে ‘তেমন কিছু পাননি’- এই মন্তব্য করে তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে (Kirti Azad) রক্ষাকবচ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda )। এক ব্যবসায়ীর থেকে কয়েক লক্ষ তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। তবে, আপাতত কোন কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ হাই কোর্টের (Calcutta High Court)।
এদিন আদালতে শুনানির সময় যে অভিও ক্লিপিং-এর ভিত্তিতে কীর্তির বিরুদ্ধে অভিযোগ সেটা চালিয়ে শোনেন বিচারপতি চন্দ। তার পরেই জানান, অভিযোগের সপক্ষে তেমন কিছু খুঁজে পাননি বিচারপতি। এর প্রেক্ষিতে আগামী ৬ মাস কীর্তির বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে সহযোগিতা করতে হবে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদকে।
কীর্তি আজাদকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে সিআইডি (CID)-কে ৭ দিন আগে নোটিশ দিতে হবে। ২২ সেপ্টেম্বর বেলা ১২ টার সময় ভবানিভবনে তাঁকে হাজিরা দিতে হবে। ৬ সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি। ওই মামলার পরবর্তী শুনানির দিনই আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে সিআইডি-কে নির্দেশ বিচারপতির।
















