জমি দুর্নীতি মামলায় গ্রেফতার সুমিত রায়কে (Sumit Roy) আজই আদালতে পেশ করতে চলেছে সিআইডি (CID)। শুক্রবার সকালে ভবানী ভবন থেকে তাঁকে বের করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর সোজা মেদিনীপুরের দিকে রওনা দেন তদন্তকারীরা। সাড়ে এগারোটা নাগাদ সিআইডির গাড়িতে চাপিয়ে সুমিতকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয়। দুপুর দুটো নাগাদ তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার আবেদন জানাবে পুলিশ।
শালবনি মামলায় সুপ্রিম কোর্টে (SC) রক্ষাকবচ বাতিল হতেই বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি থেকে তদন্তে অসহযোগিতার অভিযোগে সুমিতকে গ্রেফতার করে সিআইডি। এর আগে ১১ বার ভবানী ভবনে হাজিরা দিলেও জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন অভিষেকের আপ্তসহায়ক, এমনটাই জানান তদন্তকারীরা। আপাতত সুমিতকে কোর্ট লকআপে রাখা হয়েছে। ধৃতকে নিয়ে সিআইডি আদালত চত্বরে পৌঁছানোর আগেই অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষের নেতৃত্বে গোটা এলাকা ঘুরে দেখেন পুলিশ আধিকারিকরা। যাতে কোথাও কোনও উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয় সেই কথা মাথায় রেখে কোর্ট চত্বরে অতিরিক্ত অফিসার মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: শহরে ফের ED অভিযান, রাসবিহারী অ্যাভিনিউতে চলছে তল্লাশি
সুমিতের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার বিধানসভায় বলেন, রাজ্যের এক প্রসিদ্ধ তোলাবাজকে গ্রেফতার করেছে সিআইডি। পূর্বতন সরকারের দুর্নীতির দিকে আঙ্গুল তোলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও। শালবনীতে জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত আগাম জামিনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হলেও তা খারিজ করে দেওয়া হয়। অভিযুক্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে রাজ্যের জেনারেল তুষার মেহতা আদালতে সওয়াল করে বলেন 'সুমিতের অ্যাকাউন্টে ১৫ কোটি টাকার হদিশ কিনেছে। এর উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তদন্তকারীরা। শুরু থেকেই তিনি তদন্তে সহযোগিতা করছেন না। হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছে সিআইডি।' জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিওর লিখিত রেকর্ড আদালতে রাজ্যে তরফ থেকে জমা করতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় সুমিতের তদন্তের সহযোগিতা না করায় তাঁকে রক্ষাকবচ দেওয়া যাবে না। এই নির্দেশ আসার ঘণ্টা খানেকের মধ্যেই অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করা হয়।
















