শুক্রবার সকাল থেকে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ (RB Avenue, Kolkata) এলাকায় তল্লাশি অভিযানে নেমেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। জানা গিয়েছে ভিনরাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় এই পদক্ষেপ। জমি ও ব্যাঙ্ক ঋণ সংক্রান্ত জালিয়াতির তদন্তে রাসবিহারী অ্যাভিনিউয়ের এক নির্মাণ ব্যবসায়ীর অফিসে ও বাড়িতে শুক্রবার সকাল থেকে তল্লাশি চালানো হচ্ছে।
ইডির (ED) তরফ থেকে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই মামলার নেপথ্যে একটি আন্তঃরাজ্য জালিয়াতি-চক্র কাজ করছে বলে মনে করছেন আধিকারিকরা। অন্তত ২০০ কোটি টাকার আর্থিক দুর্নীতির হদিশ মিলেছে। সকাল সাতটা থেকে চলছে তল্লাশি অভিযান। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গের কলকাতাতেই নয় এর পাশাপাশি দেশের আরও তিন বড় শহর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদেও তল্লাশি চালানো হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কোনও নথি বাজেয়াপ্ত হয়েছে কিনা এখনও স্পষ্ট নয়।















