রবিবার পুরুলিয়া (Purulia) যাবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) । সেখানে একাধিক প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন সকালে আকাশ পথে পুরুলিয়া পৌঁছবেন শুভেন্দু। প্রথমে যাবেন টামনা থানার কড়াডি ময়দানে।সেখানে আদিবাসী কুড়মি সমাজের করম নাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন । এর পর মুখ্যমন্ত্রী পুরুলিয়া শহরের সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করবেন।
আরও পড়ুন: বাংলায় ভোটার তালিকায় ৯৭ শতাংশ আপিলই বকেয়া! শীর্ষ আদালতে জানাল কমিশন
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ পুরুলিয়ার জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বেশ কয়েকটি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ছৌ নাচের জেলার উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এর পাশাপাশি পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটি প্রকাশ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। সেখানে সরকারি প্রকল্পের সুবিধাভোগী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।
রবিবার সকাল থেকে আবহাওয়ার ভোলবদলে আকাশপথে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া পৌঁছনো নিয়ে বেশ কিছু সতর্কতা মূলক পদক্ষেপ করা হচ্ছে। সফরসূচি অনুযায়ী রবিবার বেলার দিকে মুখ্যমন্ত্রীর রওনা হওয়ার সময় যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে বা অবতরণে সমস্যা হয় সে ক্ষেত্রে বিকল্প হিসেবে সড়ক পথে শুভেন্দু পুরুলিয়া পৌঁছতে পারেন কিনা তা নিয়েও আলোচনা করা হয়েছে।
















