তিরুপতির (Tirupati Laddu) লাড্ডু তৈরিতে মেশানো হচ্ছে গরুর চর্বি, এই অভিযোগ আগেই উঠেছিল। এবার খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ, ঘি সরবরাহকারী সংস্থা 'গরুর খাঁটি ঘি' দাবি করলেও তাতে রয়েছে রিফাইন্ড পাম অয়েল, পাম কার্নেল অয়েল, পামোলিন এবং একাধিক রাসায়নিক।
আরও পড়ুন: কলকাতা থেকে জেলায় ছুটবে ‘নমো ভারত’! RRTS-এর প্রস্তাব শমীকের
তিরুপতি মন্দিরের প্রসাদ হিসেবে দেওয়া লাড্ডুতে ব্যবহার হচ্ছিল গরুর মাংসের চর্বি ও মাছের তেল-সহ বিভিন্ন কেমিক্যাল। ২০২৪ সালে এমনই অভিযোগ করেছিলেন টিডিপি প্রধান ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তারপরেই শুরু হয়েছিল তুমুল বিতর্ক। চন্দ্রবাবু নায়ড়ুর এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। কিন্ত, লাড্ডুর টেস্ট রিপোর্ট প্রকাশ্যে আসতেই চন্দ্রবাবুর অভিযোগই মান্যতা পেয়েছিল। লাড্ডু (Tirupati Laddu) পরীক্ষা করে দেখা গেল তাতে গরুর চর্বি ও মাছের তেল ছাড়াও রয়েছে পাম তেল।
ঘি সরবরাহকারী সংস্থা 'সুকৃতি ফুডস প্রাইভেট লিমিটেড'-এর কৈলাস চন্দ মঙ্গলাকে ১৭ সেপ্টেম্বর গ্রেফতার করেছে ইডি। আদালত তাঁকে আপাতত জেল হেফাজতে পাঠিয়েছে। তাঁর বিরুদ্ধে ঘি-তে ভেজাল মেশানোর অভিযোগ উঠেছে। ইডি আধিকারিকদের অভিযোগ, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ২৩০ কোটি টাকার ভেজাল ঘি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৯৬ কোটি টাকার ভেজাল ঘি ওই সংস্থার কারখানায় তৈরি হয়েছিল বলে তদন্তকারী সংস্থার দাবি।
এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের অভিযোগ, ভেজাল ঘি তৈরিতে ব্যবহার করা হয়েছিল রিফাইন্ড পাম অয়েল, পাম কার্নেল অয়েল এবং পামোলিন। এর সঙ্গে মেশানো হয়েছিল MG-90, Monoglycerides, Myvacet Soft 400 এবং Acetic Acid Ester-এর মতো রাসায়নিক পদার্থ। এরপর ওই ভেজাল ঘি-কে তারা ‘Agmark Special Grade Cow Ghee’ নামে তিরুপতি মন্দিরে সরবরাহ করত বলে দাবি ইডির।
আরও পড়ুন: কয়েক ঘণ্টার মধ্যেই ইউ টার্ন, মমতার কথায় রেজিনগের ভোটের লড়াইয়ে থাকছেন রবিউল
ইডির আরও অভিযোগ, শ্রী বৈষ্ণবী ডেয়ারি স্পেশালিটিজ প্রাইভেট লিমিটেড, মালগঙ্গা মিল্ক অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এবং এআর ডেয়ারি ফুডস প্রাইভেট লিমিটেড-সহ একাধিক সংস্থার মাধ্যমে ভেজাল ঘি সরবরাহ করা হত। এই সমস্ত সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ ও ঘি সরবরাহের কাজকে সাহায্য করতেন মঙ্গলা।
















