২১ জুলাইয়ের রাজনৈতিক সমাবেশের আগে আইনি তরজা তুঙ্গে। এবার ভিক্টোরিয়া হাউস চত্বরে কলকাতা পুলিশের ৬০ দিনের জন্য ১৬৩ ধারা জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে আবেদন জানানো হলে, আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে খবর। জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান পুলিশের এই নির্দেশিকা সম্পূর্ণরূপে ‘স্বেচ্ছাচারী’ এবং নাগরিকদের মৌলিক অধিকার বিরোধী। গত মাসে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা একটি বিজ্ঞপ্তি জারি করে জানান ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার আওতায় পড়ছে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেড কোয়ার্টার্স ট্রাফিক গার্ডের অধীনে থাকা এলাকা। বাদ গিয়েছে বেন্টিঙ্ক স্ট্রিট।
আরও পড়ুন: শুভেন্দু-শমীকের উপস্থিতিতে রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলত্যাগী ৩ বিজেপি প্রার্থীর
পুলিশের তরফে জানানো হয়েছে সেন্ট্রাল কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায় জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। যার ফলে যান চলাচল বিঘ্নিত হতে পারে। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ৬০ দিনের আগাম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে লাঠি, আগ্নেয়াস্ত্র বা কোনও বিপজ্জনক অস্ত্র নিয়ে চলাচল করা যাবে না এবং কোনও দল বা সংগঠন কোনও রকম সভা, মিছিল, ধর্ণা বা সমাবেশ করতে পারবে না। এদিকে আগামী ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ‘শহিদ দিবস’ পালন করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। প্রতি বছর এই দিন কর্মীরা জমায়েত হন এই এলাকায়। তবে পুলিশের এই নির্দেশের পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আদালতের দ্বারস্থ হওয়ায় চড়ছে রাজনৈতিক পারদ।
















