ক্যালেন্ডারের পাতায় শরৎকাল, ভাদ্র মাসের খামখেয়ালী আবহাওয়ার মাঝেই আকাশে বাতাসে উৎসবের আগমনী বার্তা। পুজোর সময় ঠাকুর দেখা, জমিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে ওখানে ঘুরতে যাওয়ার প্রবণতা বরাবরই বেশি। বিশ্বকর্মা পুজো থেকেই বাঙালির মনে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। অক্টোবর পড়তে না পড়তেই পুরোপুরি উৎসবের আমেজ। তাই ঠাকুর দেখা হোক বা ছুটির আনন্দে বেড়াতে যাওয়া, গোটা মাস জুড়ে ট্রেন পরিষেবার উপর চাপ যে বাড়বে সে কথা বলাই বাহুল্য। এবার উৎসবের ভিড়ের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেন পরিষেবা চালানোর কথা জানিয়ে দিল পূর্ব রেল (Eastern Railway)।বিশেষ করে দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর সময় হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এর পাশাপাশি কলকাতা ও আসানসোল স্টেশন থেকেও ছাড়বে পুজো স্পেশাল ট্রেন।
আরও পড়ুন: উপনির্বাচনের মুখে ধাক্কা ঋতব্রত শিবিরে! ১০ বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ স্পিকারের
পূর্ব রেলের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত হাওড়া, শিয়ালদহ, কলকাতা ও আসানসোল স্টেশন থেকে রক্সৌল, পাটনা, সীতামারি, গোরক্ষপুর, মধুবনী এবং দিঘার মতো গুরুত্বপূর্ণ রুটে ১০টি পুজো স্পেশাল ট্রেন চলবে।যাত্রীদের সুবিধার্থে এই ট্রেন গুলিতে ট্রেনে জেনারেল, স্লিপার এবং এসি কামরা যুক্ত থাকবে। যদিও কবে থেকে টিকিট বুকিং শুরু হবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।
হাওড়া রক্সৌল হাওড়া স্পেশাল ট্রেন (০৩০৪১) আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার রাত ১১টায় হাওড়া থেকে ছাড়বে যা পরের দিন বিকেল ৪টে ১৫ মিনিটে রক্সৌল পৌঁছবে (মোট ৭টি ট্রিপ হবে)। এই ট্রেনটি আবার ডাউনে আসার সময় ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছেড়ে পরের দিন দুপুর ১২টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছবে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে ট্রেনগুলি মধ্যবর্তী ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর ও জশিডি স্টেশনে থামবে। শিয়ালদহ পাটনা শিয়ালদহ স্পেশাল ট্রেন চলবে আগামী ১৩ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। শিয়ালদহ -সীতামারহি স্পেশাল (০৩১৩৩) ট্রেন ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে পরের দিন বিকেল ৩টে ৩০ মিনিটে সীতামারহি পৌঁছবে। এছাড়াও শিয়ালদহ- গোরক্ষপুর, কলকাতা- মধুবনী, মালদা টাউন-দিঘা স্পেশাল, আসানসোল-পাটনা রুটেও পুজো স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছে রেল।
















