কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল হাসপাতাল গলব্লাডার স্টোনের বদলে অ্যাপেনডিক্স অপারেশন করে দিয়েছিল বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ১০০ দিনের কর্মী গোপাল পোড়েলের। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উদ্যোগে বেসরকারি হাসপাতালে তাঁর পুনরায় অস্ত্রোপচার হয়। পুরো ঘটনা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (CM Suvendu Adhikari) চিঠি দিয়ে সংশ্লিষ্ট রোগী গোপালকে ত্রাণ তহবিল থেকে সাহায্য করার অনুরোধ করেছিলেন বেলেঘাটার বিধায়ক। তাতে সাড়া দিয়েছে সরকার। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে নবান্নে (Nabanna) গোপালকে ডাকা হয়েছে আর্থিক সাহায্য স্বরূপ চেক তাঁর হাতে তুলে দেওয়ার জন্য। 

আরও পড়ুন: পুজোর মুখে খুশির হাওয়া! তিন মাস পর পর্যটকদের জন্য খুলল ডুয়ার্সের জঙ্গল

গোপাল পোড়েল (Gopal Porel) বেলেঘাটা কেন্দ্রের ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এনআরএস-কাণ্ডে অপারেশন বিভ্রাটের পর ঘটনাটি সামনে আনেন কুণাল। তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ফোন করেছিলেন। ঘটনাক্রম জেনে তিনি ইতিমধ্যেই NRS হাসপাতালে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অ্যাপেনডিক্স অপারেশন জরুরি ছিল কিনা, কেন গলব্লাডারের স্টোন বার করা হয়নি, অনুসন্ধান শুরু হয়েছে। তিনি এমনও জানান যে, রোগী চাইলে SSKM-এ অপারেশন করানো যেতে পারে। এরপর নিজে উদ্যোগ নিয়ে কুণাল রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন। যেহেতু বেসরকারি হাসপাতালে টাকা জমা দেওয়া হয়ে গিয়েছে তাই স্থানবদল আর করা হয়নি। বিধায়ক হিসেবে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান উদ্যোগের জন্য।

ওই রোগী এনআরএসে ওই কাণ্ডের পর জটিল অবস্থায় নিজে দেখা করে কুণাল ঘোষকে বিশদে জানান। ১০০ দিনের কাজ করেন। বিপদে পড়েছেন। বিধাননগরে আনন্দলোক হাসপাতালে ভর্তি হন তারপর। গল ব্লাডারে স্টোন বার করার অপারেশনের পর দেখতে যান তিনি। তৃণমূল বিধায়ক কুণাল মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন ত্রাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়ার। রাজ্যের প্রশাসনিক প্রধান সেই অনুরোধ রেখেছেন। শুভজিৎ পাল নামে বেলেঘাটার এক বাসিন্দা, যিনি গোপালকে বিধায়কের কাছে নিয়ে গেছিলেন তিনি ফোনে জানান, এলাকার সাধারণ মানুষ হিসেবে তিনি অসহায় গোপালকে নিয়ে ছুটে গিয়েছিলেন কুণাল ঘোষের কাছে। বেলেঘাটার বিধায়ক অত্যন্ত দ্রুততার সঙ্গে পদক্ষেপ করছেন এবং নিজে দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা করানোর পাশাপাশি সরকারি সাহায্য পাওয়ার সব ব্যবস্থাও করে দিয়েছেন। এর জন্য কুণালকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বুধবার দুপুর বারোটা নাগাদ গোপালকে চেক প্রদান করা হবে।