রাজ্যের পরীক্ষার্থীদের জন্য বড় খবর। পশ্চিমবঙ্গের ২টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জেরে পিছিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর তরফে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা পিছনোর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: স্বচ্ছ ভারতে ব্যয়ের গতি ধীর! চার মাসে বরাদ্দের ৯ শতাংশেরও কম খরচ রাজ্যে
সূত্রের খবর, নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের কারণে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটকেন্দ্র হিসেবে স্কুলগুলি ব্যবহারের কারণেই এই দিন পরিবর্তন। তবে পরীক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই, পুরো রুটিন পরিবর্তন না করে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটি দিনের পরীক্ষাই পিছিয়েছে সংসদ।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৫ অক্টোবরের বদলে ১২ অক্টোবর, ৬ অক্টোবরের বদলে ১৩ অক্টোবর এবং ৭ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর পরীক্ষা হবে।
আরও পড়ুন: ফের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট, ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের
সংসদ জানিয়েছে, নির্ধারিত এই ৩টি দিন বাদে বাকি সমস্ত পরীক্ষা আগের ঘোষিত সূচি ও নিয়ম অনুযায়ীই নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা বা অন্যান্য নির্দেশে কোনো বদল আসছে না।
ভোটের কারণে পরীক্ষার সূচিতে এই আকস্মিক বদল আসায় পরীক্ষার্থীদের মধ্যে যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায়, সেই বিষয়ে তৎপর প্রশাসন। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, ছাত্রছাত্রীরা যেন এই নতুন দিনক্ষণ ভালো করে নোট করে নেন এবং সেই অনুযায়ী শেষ মুহূর্তের প্রস্তুতি নেন। পরীক্ষার্থীরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in ফলো করতে পারেন।
















