হায়দরাবাদের এক দম্পতি বেড়াতে গিয়েছিলেন সুইজারল্যান্ডে। তারপর রহস্যজনক ভাবে নিখোঁজ! নিখোঁজ দম্পতির নাম পাব্বা চন্দ্রশেখর (৫১) ও তাঁর স্ত্রী স্বপ্না (৪২)। গত প্রায় তিন সপ্তাহ আগে তাঁরা সুইজারল্যান্ড ঘুরতে যান। তবে গত কয়েকদিন ধরে তাঁদের কোনো খোঁজ মিলছে না। তারপরেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। ওই দম্পতির পরিচিতদের অভিযোগ, প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে পালিয়েছেন তাঁরা!
আরও পড়ুন: 'আমি গান্ধী নই' বার্তা সোনমের, এবার সংসদ অভিযানের ডাক CJP-এর
পারিবার সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির ২৩ বছরের মেয়ে শ্রেয়া পেশায় একজন আইটি কর্মী। তিনি জানান, সুইজারল্যান্ডে পৌঁছানোর পর প্রথম কয়েকদিন বাবা-মা পরিবারের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখছিলেন। কিন্তু গত ৮ জুলাই থেকে আচমকাই তাঁদের ফোন বন্ধ হয়ে যায়। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পর পর বেশ কয়েকদিন চেষ্টা করেও বাবা-মায়ের খোঁজ না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন শ্রেয়া। তাঁর অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পেশায় ব্যবসায়ী চন্দ্রশেখর এবং তাঁর স্ত্রী গত কয়েক বছরে প্রায় ৬০ জন বিনিয়োগকারীর থেকে মোটা অঙ্কের লভ্যাংশ দেওয়ার লোভ দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা তুলেছিলেন। এরপরই তাঁদের এভাবে উধাও হয়ে যাওয়াটা বেশ রহস্যের জন্ম দিয়েছে। মামলাটির গভীরতা বুঝে পুলিশ সবদিক খতিয়ে দেখছে। দম্পতির সুইজারল্যান্ডের ভ্রমণ পরিকল্পনা কী ছিল, তাঁদের ইমিগ্রেশন বা পাসপোর্টের তথ্য এবং সাম্প্রতিক আর্থিক লেনদেনের সমস্ত রেকর্ড পরীক্ষা করা হচ্ছে। এমনকি, তাঁরা ফোনে সুইজারল্যান্ডে আছেন দাবি করলেও আসলেই সেখানে গিয়েছেন কি না, নাকি দেশেই কোথাও আত্মগোপন করে আছেন—তাও যাচাই করছে পুলিশ।















