এবার যন্ত্ররমন্তরের অনশনমঞ্চ থেকে দেশবাসীকে সামিল হওয়ার ডাক দিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। জানালেন, "আমি গান্ধী নই, আমার ভরসায় বসে থাকবেন না।" নিটের প্রশ্নফাঁস থেকে বিভিন্ন বেনিয়মের অভিযোগে দিল্লিতে ধর্না-আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনে শামিল হয়ে সোনম ওয়াংচুকের আমরণ অনশন (Sonam Wangchuk hunger strike) ১৫ দিনে পড়লো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দ্রুত পদত্যাগ, বর্তমান পরীক্ষাব্যবস্থার আমূল সংস্কার এবং সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ধীরে ধীরে জোরাল হচ্ছে আন্দোলন। 

পরিবেশ থেকে শিক্ষা, যেকোনও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা যায় লাদাখের এই পরিবেশ কর্মীকে। অনশনে সোনমের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলেও জানা গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৭.৫ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। ব্লাড প্রেসার ১০৬/৭৪। এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে এই আন্দোলনে যোগ দিয়ে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "অনেকে বলছেন আমি ২১ শতকের বা আধুনিক যুগের গান্ধী। অন্যরা আবার দেশনায়ক বলছেন। এই ধরনের মন্তব্য দেখে অস্বস্তি হয় আমার। আমি গান্ধী নই, দেশনায়কও নই। আমি সাধারণ নাগরিক মাত্র, যে নিজের দায়িত্বটুকু পালনের চেষ্টা করেছে।" 

আরও পড়ুন: ভারতের অর্থনীতি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছিলেন! মৃত সেই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন অর্থাৎ ২০ জুলাই সিজে পি শান্তিপূর্ণ 'সংসদ অভিযান'-এর ডাক দিয়েছে। সেই আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, "আমাদের মতো আপনাদের ২৪ দিন না খেয়ে থাকতে হবে না। আপনারা পেট পুরে খেয়েই আসুন, কিন্তু নাগরিক হিসেবে দায়িত্ব নিয়ে ২০ জুলাই আমাদের পাশে দাঁড়ান।" নিট-এর অনিয়মের জেরে ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়ার বিষয় নিয়ে তিনি জানান, "আজ যদি ওই পড়ুয়াদের জায়গায় আপনার নিজের বোন বা মেয়ে থাকত, আপনি কি ঘরে বসে থাকতেন? তাই আর অপেক্ষা না করে অন্যায় রুখতে এগিয়ে আসুন।" সোনম জানিয়েছেন, সম্পূর্ণ নিজের ইচ্ছায় তিনি অনশনে বসেছেন এবং তাঁর জীবন নিয়ে কোনও সংশয় নেই। তাই জোর করে তাঁকে আন্দোলন থেকে সরানোর চেষ্টা করা হলে, তা হবে শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। যারা সরাসরি দিল্লির যন্তর মন্তরে আসতে পারছেন না, তাঁদেরকে নিজের এলাকায় একদিনের প্রতীকী অনশন করার অনুরোধ জানিয়েছেন তিনি।