বাংলা ঝাড়খণ্ড ওড়িশা জুড়ে ত্রাস সৃষ্টিকারী মাওবাদী শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশ ওরফে তিমির ওরফে মনোজকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ফুলচকের বাসিন্দা অসীম ওরফে আকাশ আটের দশকে ছাত্র জীবন থেকেই অতি বাম উগ্রপন্থী কার্যকলাপে যুক্ত হয়ে পড়েন। বাংলার সারেঙ্গা, গোয়ালতোড় এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার গুড়াবান্দা এলাকায় দীর্ঘদিন সংগঠনের কাজ করার পর ২০০৪ সালে জঙ্গলমহলে ফিরে যান। লালগড় আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ধৃতের মাথার দাম ছিল এক কোটি টাকা। 

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধোঁয়া! যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে সেখানে মাও পুস্তক-পুস্তিকা, বৈদ্যুতিন সরঞ্জাম রয়েছে বলে খবর মিলেছে। যদিও এই গ্রেফতারি সম্পর্কে রাজ্য পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি। বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা রিজিওনাল কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আকাশের কাঁধে। তবে কিষানজির মৃত্যুর পর তিনি আর ঘুরে দাঁড়াতে পারেননি। দীর্ঘ সময় ঝাড়খন্ডে গা ঢাকা দিয়েছিলেন।

আকাশের স্ত্রী সিপিআই (মাওবাদী)-র সক্রিয় কর্মী ছিলেন। ২০১০ সালে তিনি গ্রেফতার হন, এখনও সংশোধনাগারেই রয়েছেন। আকাশ আত্মসমর্পণে রাজি ছিলেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে জঙ্গলমহলে ফিরে আসার পরিকল্পনা ছিল। গত কয়েক মাস ধরে ছদ্মবেশে ঘুরছিলেন। চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।দীর্ঘ প্রায় চার দশক ধরে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পর আকাশের এই গ্রেফতারি নিঃসন্দেহে পুলিশের বড় সাফল্য।