মধ্যপ্রদেশের বিতর্কিত ভোজশালা মন্দির চত্বরের ভেতরে নয়, তবে তার ঠিক পাশে ফাঁকা জায়গায় নমাজ পড়তে পারবেন মুসলমানরা মানুষ। তার জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করতে হবে সরকারকে। মঙ্গলবার এক অন্তর্বর্তী নির্দেশে এই সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপাতত প্রতি শুক্রবার দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত এই অস্থায়ী নামাজের ব্যবস্থা চালু থাকবে। একই সঙ্গে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া ভোজশালা মন্দির চত্বরে কাঠামোগত কোনও পরিবর্তন করতে পারবে না ASI।
আরও পড়ুন: বিল পাশের পরে সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্যের
গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট ভোজশালার বিতর্কিত অংশটিকে মন্দির বলে ঘোষণা করে। এর আগে পর্যন্ত সেখানে শুক্রবারের নমাজ পড়া যেত। হাই কোর্টের রায়ের পর সেই চত্বরেই ফের নমাজ পড়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুসলিম পক্ষ। কিন্তু মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্ট চত্বরের ভেতরে নমাজ পড়ার সেই আর্জি খারিজ করে দিলেও, বাইরে বিকল্প জায়গায় নমাজ পড়ার এই সাময়িক ছাড়পত্র দিয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় হিন্দু ও মুসলিম— উভয় পক্ষকেই ধৈর্য ধরার আবেদন জানিয়েছে শীর্ষ আদালত।
















