কলকাতা হাই কোর্টের রায়ে ভিত্তিতে এবার শীর্ষ আদালত থেকে ওবিসি মামলা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার (State Government)। রাজ্যের ওবিসি (OBC) তালিকায় ৭৫টি মুসলিম সম্প্রদায়-সহ মোট ৭৭টি গোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়টি বাতিল করে হাই কোর্ট (Calcutta High Court)। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে তৎকালীন রাজ্য সরকার। কিন্তু রাজ্য পালাবদলের পরেই সেই মামলা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মতো মামলা প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার।
মঙ্গলবার, শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Tushar Meheta) জানান, পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের আবেদন প্রত্যাহার করে নেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহানার বেঞ্চ মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে, অন্য কোনও পক্ষ চাইলে মামলা চালিয়ে যেতে পারবে।
সম্প্রতি হাই কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ২টি নতুন বিল পাশ করিয়ে রাজ্যের আগের ওবিসি সংরক্ষণের ফিরিয়ে এনেছে বিজেপি সরকার। ২০১০ সালের আগের সমীক্ষা অনুযায়ী স্বীকৃত ৬৬টি সম্প্রদায়কেই ওবিসি তালিকায় রাখা হয়েছে। বাদ গিয়েছে ৭৭টি সম্প্রদায়।
এর আগে হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। পালাবদলের পরে নতুন বিজেপি সরকার জানিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে তারা সেই মামলা প্রত্যাহার করে নেবে। সেই মতো মামলা প্রত্যাহার করা হল।
















