প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ৭৬ তম জন্মদিনে ১৭ ই সেপ্টেম্বর বাংলায় উদযাপিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। বৃহস্পতিবার সল্টলেকে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়ার ঘোষণার পাশাপাশি নারী ক্ষমতায়নে বড় বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। জানিয়েছেন, এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন মহিলারাই। শুধু তাই নয় ভাতার পাশাপাশি সংস্কারের লক্ষ্যে 'নেশামুক্ত বাংলা' গড়ার ডাকও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
এদিন প্রধানমন্ত্রী বাংলার উন্নয়নের বার্তা দিয়ে কথা কম কাজ বেশি মন্ত্রে দীক্ষিত হওয়ার কথা বলেছেন। মোদি বলেন, জরুরি খরচ নিয়ে চিন্তা না থাকলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, আর অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের সেই আত্মবিশ্বাস জোগাচ্ছে। এরপর মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে জানিয়ে দেন এবার থেকে প্রতি বছর ১৭ সেপ্টেম্বর দিনটি অন্নপূর্ণা দিবস হিসেবেই পালন করা হবে পশ্চিমবঙ্গে। তাঁর স্পস্ট বার্তা, এই সরকার শুধু ভাতা দিতে আসেনি সংস্কার করতে এসেছে। প্রত্যেক মহিলাকে রক্ষা করার শপথ নিয়ে কাজ করবে সরকার। বেআইনি মাদক ব্যবসা বন্ধ করা এবং বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধি পুরোপুরি নির্মূল করতে পশ্চিমবঙ্গ সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিকানা নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরি হওয়ার তালিকা হয়েছে। এগুলোর এগ্রিমেন্ট হবে মহিলাদের নামে। পিএম আবাস যোজনায় বাড়ির মালিকানা মহিলাদের হাতেই থাকবে। ভার্চুয়াল বক্তব্যে এদিন নারী ক্ষমতায়নের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীও।
আরও পড়ুন: নবান্নকে বিদায়, মাতৃপক্ষেই মহাকরণে মুখ্যমন্ত্রী!
বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের হাতে মাসে মাসে তিন হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা দেওয়া শুরু হয়। রাজ্যের প্রায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজ সারাদিন ধরে টাকা পৌঁছবে। নতুন ১০ লক্ষ উপভোক্তা এই দফায় যুক্ত হয়েছেন। রাজ্যে বিজেপির সরকার আসার পর আইসিডিএস আশা কর্মীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিধবা মহিলাদের পেনশন বাড়ানোর তথ্য তুলে ধরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানিয়েছেন আইসিডিএস কেন্দ্রে গর্ভবতী মায়েদের খাদ্য বরাদ্দ বারো টাকা থেকে বৃদ্ধি করে ১৪ টাকা করা হয়েছে এবং ১৪ আগস্ট কন্যা রাষ্ট্র দিবসে কুড়ি লক্ষ ১৩ হাজার ছাত্রীর একাউন্টে এক হাজার টাকা করে পাঠানো হয়েছে যা আগামী বছর দ্বিগুণ হয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের পর স্নাতক স্তরে ছাত্রীদের পড়াশোনার জন্য তিন বছরে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন শুভেন্দু। এদিন তাঁর বক্তব্যে ভাতার পাশাপাশি সংস্কার করার যে বার্তা দিয়েছেন সেখানে বাল্যবিবাহ এবং কম বয়সে মা হওয়ার প্রবণতা আটকাতে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও শোনা গিয়েছে।
















