উৎসবের মরশুমে দেশবাসীকে একটু কম করেই মিষ্টি খেতে হবে। কারণ ক্রমশ বাড়ছে চিনির দাম (Sugar price hike)। কেন্দ্রের একাধিক নির্দেশ সত্ত্বেও চিনির দামে লাগাম টানা যাচ্ছে না। সামনে উৎসব, এই কথা মাথায় রেখে বেশিরভাগ পরিবারই মিষ্টান্ন প্রস্তুতির জন্য চিনি মজুদ করার চাহিদা বাড়ছে। এর জেরে এবার দ্বিগুণ চাপের সম্মুখীন হচ্ছেন ভোক্তারা। ক্যুইক কমার্স প্ল্যাটফর্ম এবং খুচরো বিক্রেতারা অর্ডারের সীমা বেধে দিচ্ছে।
কুইক-কমার্স প্ল্যাটফর্মগুলির যেমন- জেপ্টো (Zepto), ব্লিনকিট (Blinkit) এবং সুইগি ইনস্টামার্ট (Swiggy Instamart) চিনির পরিমাণগত সীমাবদ্ধতা বেধে দিয়েছে। ফলে একজন গ্রাহক একটি অর্ডারে নির্দিষ্ট সংখ্যক প্যাকেটের বেশি পণ্য যুক্ত করতে পারছেন না।
আরও পড়ুন: জিম থেকে বেরোতেই গুলি করে খুন গায়ককে! ক্ষুব্ধ জাঠরা
‘জেপ্টো’ (Zepto)-তে চিনিজাতীয় কিছু পণ্যের ক্ষেত্রে কতগুলো প্যাকেট কেনা যাবে তার ওপর সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি অ্যাপটি নির্দিষ্ট কিছু পণ্যের সংখ্যাও বেধে দেওয়া আছে। ব্লিনকিট-এ চিনির কয়েকটি প্যাকেট কেনার ক্ষেত্রেও সীমা দেখাচ্ছে। সুইগি ইনস্টামার্টে ‘সুপ্রিম হার্ভেস্ট ক্রিস্টাল সুগার’-এর একটি লিস্টিংয়ে প্রতি অর্ডারে ১ কেজির সর্বোচ্চ দুটি প্যাকেট কেনার সীমাবদ্ধতা দেখা গিয়েছে।
চিনির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই বিধিনিষেধ লাগু করা হয়েছে। আর এটি কেবল অনলাইন কেনাকাটার বিষয় নয়। ক্রয় সংক্রান্ত এই বিধিনিষেধের প্রভাব এখন অফলাইন অর্থাৎ সশরীরে কেনাকাটার ক্ষেত্রেও পড়েছে।
ডি-মার্ট (DMart) ও রিলায়েন্স (Reliance)-এর মতো বড় বড় অফলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানেও প্রতি ক্রেতার জন্য চিনি কেনার পরিমাণ ২-৩ কেজির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। এর অর্থ হল, খুচরো বাজারের উভয় ক্ষেত্রেই ভোক্তারা বিধিনিষেধের মুখে পড়ছেন।
আরও পড়ুন: সহকর্মীদের হুমকি-স্বজনপোষণ! হাইকোর্টের বিচারপতির অপসারণ চেয়ে সূর্যকান্তকে চিঠি সুপ্রিম বিচারপতির
চিনির (Sugar price hike) মূল্যবৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকার সরবরাহ বৃদ্ধি এবং মজুতদারি রোধ করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কেন্দ্র অপরিশোধিত চিনি শুল্কমুক্ত আমদানির নিয়মাবলী সংশোধন করেছে, ফলে আমদানিকৃত অপরিশোধিত চিনিকে পরিশোধিত চিনিতে প্রক্রিয়াজাত করে দেশীয় বাজারে বিক্রি করার জন্য আরও বেশি সময় পেয়েছেন।
২০ আগস্টের মূল বিজ্ঞপ্তি অনুসারে, সরকার অনুমতি দিয়েছিল যে, ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ট্যারিফ-রেট কোটা (টিআরকিউ)-এর আওতায় ১০ লক্ষ টন অপরিশোধিত চিনি শুল্কমুক্তভাবে আমদানি করা হবে।
















