গরিব পরিবারের জন্য নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দেওয়ার কেন্দ্রীয় ‘উজ্জ্বলা যোজনা’য় এ বার বড়সড় কাটছাঁটের প্রক্রিয়া শুরু হতে চলেছে। প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা পূরণের তাগিদে যথাযথ নথি পরীক্ষা না করেই পাইকারি হারে সংযোগ বিলির অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরেই। সেই প্রক্রিয়ার জেরে এ বার এক ধাক্কায় রাজ্যের প্রায় ১৪ লক্ষ উপভোক্তার নাম বাদ পড়ার মুখে। তেল সংস্থাগুলির অভ্যন্তরীণ ভুলের দায় শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপরেই বর্তাচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা সূত্রে খবর, সাম্প্রতিক ‘ই-কেওয়াইসি’ প্রক্রিয়া খতিয়ে দেখে জানা গিয়েছে যে রাজ্যে অন্তত ১৪ লক্ষ এমন গ্রাহক রয়েছেন, যাঁদের এক পরিবারেই রয়েছে একাধিক রান্নার গ্যাসের সংযোগ। এই বিভ্রান্তি দূর করতে এ বার সংশ্লিষ্ট উপভোক্তাদের রেশন কার্ড ধরে স্ক্রুটিনি বা যাচাই পর্ব চালানো হবে। প্রশাসনিক নিয়মে পরিবারের প্রতিটি সদস্যের আলাদা ডিজিটাল রেশন কার্ড থাকলেও পরিবারের একটি নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকে। সেই পারিবারিক নম্বরের আওতায় একাধিক রান্নার গ্যাসের সংযোগ নথিভুক্ত থাকলে সংশ্লিষ্ট উজ্জ্বলা সংযোগটি বাতিল করা হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের চূড়ান্ত অনুমোদন মিললেই পশ্চিমবঙ্গ-সহ সারা দেশেই এই যাচাই প্রক্রিয়া জোরকদমে শুরু হবে।

গ্যাস ডিস্ট্রিবিউটরদের একাংশের অভিযোগ, প্রকল্পের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রকের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য তীব্র হুড়োহুড়ি শুরু হয়েছিল। সেই সময় উপভোক্তাদের দেওয়া নথিপত্র যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। বহু ক্ষেত্রে তোড়জোড় করে নাম নথিভুক্ত করানো হয়েছিল বলেও অভিযোগ। এ বার সেই নজরদারির অভাব ও প্রশাসনিক গাফিলতির খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।