মুম্বইয়ের চেম্বুরের পাঞ্জরাপোল এলাকায় পরপর প্রায় ২০টি বিড়ালের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত বিড়ালগুলির শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাটিকে ঘিরে পশু নির্যাতনের আশঙ্কা করছে স্থানীয়দের একাংশ। স্থানীয় পশু পরিচর্যাকারী রুবিনা পাঠান অগাস্ট মাসে প্রথম ওই এলাকায় একাধিক মৃত বিড়াল দেখতে পান বলে জানা গিয়েছে। এরপর ৪ সেপ্টেম্বর একই এলাকা থেকে আরও ছয়টি বিড়ালের দেহ উদ্ধার হয়। পরদিন ফের একটি মৃত বিড়াল এবং একটি অসুস্থ ও আতঙ্কিত বিড়ালছানার সন্ধান মেলে।
ঘটনার পর পশু অধিকার সংগঠন PETA India-র সহযোগিতায় পুলিশের কাছে অভিযোগ জানান রুবিনা। এরপর আরসিএফ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ নম্বর ধারা এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে এমন কোনও তথ্য দিলে, যার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার ও দোষী সাব্যস্ত করা সম্ভব হবে, তাঁকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে PETA India।
















