স্থগিত হয়ে গেল তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট ( Bank Strike Deferred )। সোমবার থেকে তিন দিনব্যাপী দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল একাধিক ব্যাঙ্ক ইউনিয়ন। কিন্তু রবিবার রাতের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নিল ব্যাঙ্ক ইউনিয়নগুলি ।ফলে বিরাট স্বস্তি গ্রাহকদের।
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ) এবং বিভিন্ন ব্যাঙ্ককর্মী সংগঠন। এর আগে ১১ সেপ্টেম্বর এক দিনের ধর্মঘট হয়েছিল।
জানা গিয়েছে, রবিবার রাত ৯.৩০ মিনিট থেকে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের মধ্যে বৈঠক হয়েছে, সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে। এই বৈঠকে ব্যাঙ্ক ইউনিয়নের ডিউটি দাবি ছিল। এর মধ্যে একটি হল ৫ দিনের ব্যাঙ্কিং ওয়ার্কিং ডে। সেই ক্ষেত্রে বলা হয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন মিলে একটা উচ্চ পর্যায়ের কমিটি অবিলম্বে তৈরি করা হবে।
এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, স্কেল-৪ এবং তার উপরের অফিসারদের জন্য পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ স্কিম বিষয়ে ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনগুলির পর্যবেক্ষণ ও প্রস্তাবনা বিবেচনা করতে আইবিএ-র সঙ্গে আলোচনা শুরু হবে, যা পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা হবে।পাশাপাশি, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ চালু করার বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস মিলেছে৷ এর পরই ব্যাঙ্ক ধর্মঘট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সপ্তাহে দুদিন ছুটি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে সোম থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট হলে একটা অচলাবস্থা তৈরি হতে পারে সেই আশঙ্কা ছিল। অবশেষে বৈঠকের মাধ্যমেই বেরলো সমাধান সূত্র। তিনদিন ব্যাঙ্ক ধর্মঘট থাকায় রবিবার সমস্ত ব্যাঙ্ক খোলা ছিল। কিন্তু সোমবার থেকে ধর্মকট না হওয়ায় ব্যাঙ্ক খোলা থাকবে।















