নবি মুম্বইয়ের খারঘরে (Kharghar, Navi Mumbai) জেরক্সের দোকান থেকে প্রায় ৩৪০০টি পূরণ করা SIR ফর্ম উদ্ধারের ঘটনায় বিজেপিকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হল মহারাষ্ট্রে (Maharashtra)। অভিযোগের কেন্দ্রে বিজেপির যুবনেতা সূর্য পাটিল (BJP youth leader Surya Patil)। ভোটারদের পূরণ করা বিপুল সংখ্যক ফর্ম তাঁর হাতে কী ভাবে পৌঁছল, সেই প্রশ্নেই এখন সরব বিরোধীরা। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং শিবসেনার কর্মীদের (Shiv Sena worker) মধ্যে সংঘর্ষও বাধে। শেষ পর্যন্ত ঘটনায় পাঁচ জন বুথ লেভেল অফিসারকে (Booth Level Officer) সাসপেন্ড (Suspend) করা হয়েছে এবং সূর্যের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার নবি মুম্বইয়ের খারঘরের সেক্টর ১৯-এর একটি জেরক্সের দোকান (Photocopy shop) থেকে ওই ফর্মগুলি উদ্ধার হয়। অভিযোগ, পানভেল বিধানসভা কেন্দ্রের ভোটারদের পূরণ করা ফর্মগুলি ফোটোকপি করানোর জন্য দোকানে নিয়ে যাওয়া হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই প্রশ্ন ওঠে, ভোটারদের জমা দেওয়া এত বিপুল সংখ্যক সরকারি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নথি একজন বিজেপি যুবনেতার কাছে পৌঁছল কী ভাবে? শিবসেনা-উদ্ধবের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সূর্য পাটিলকে ঘিরে জবাব চান। পরে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এসে ৩৪০০টি ফর্ম বাজেয়াপ্ত করে এবং সূর্যকে হেফাজতে নেয়।

প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ফর্মগুলির অধিকাংশই ১১টি বুথ থেকে জমা পড়েছিল, পাশাপাশি আরও ছয়টি বুথের ফর্মও ছিল। ঘটনায় পাঁচ BLO-র বিরুদ্ধে সাসপেনশনের পদক্ষেপ করা হলেও, বিরোধীদের প্রশ্ন শুধুমাত্র নীচুতলার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই কি এই ঘটনার সম্পূর্ণ সত্য সামনে আসবে? শিবসেনা-উদ্ধবের নেতা বলেশ ভোজানের অভিযোগ, ভোটারদের ফর্ম বিজেপি নেতার হাতে পৌঁছনোর নেপথ্যে কারা রয়েছেন, তারও তদন্ত হওয়া প্রয়োজন। যদিও পানভেলের বিজেপি নেতৃত্ব এবং পুরসভার মেয়র নিতিন পাল গোটা ঘটনার সঙ্গে দলের কোনও যোগ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র লোন্ধে পাটিল বলেন, "নবি মুম্বইয়ের খারঘরে জেরক্সের দোকান থেকে হাজার হাজার SIR-এর অরিজিনাল ফর্ম উদ্ধার হয়েছে। ফোটোকপি করানো হচ্ছিল। দোকানদারকে জিজ্ঞাসা করলে তিনি ফোন নম্বর দেন। ফোন করে জানা যায়, বিজেপি-র যুবনেতা সেগুলি দিয়ে গিয়েছেন। SIR-এর ফর্ম ওঁর হাতে গেল কী করে?" অন্য দিকে, NCP-এর বিধায়ক রোহিত পওয়ারের দাবি, শুধু BLO-দের সাসপেন্ড করে দায় এড়ানো চলবে না। তাঁর কথায়, "শুধু BLO-দের সাসপেন্ড করলেই হল না। যার বা যাদের নির্দেশে ওই বিজেপি নেতা ফর্ম নিয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করতে হবে।" ফলে ৩৪০০ SIR ফর্ম উদ্ধারের ঘটনায় বিজেপির অস্বস্তি বাড়ার পাশাপাশি, গোটা ঘটনার নেপথ্যে আরও বড় কোনও ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।