NEET-UG প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন দেশজুড়ে আন্দোলন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় CJP-সহ ছাত্রসমাজ চাপে পড়ে পদক্ষেপ করল কেন্দ্র। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) ৪৭ জন আধিকারিককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হতে পারে বলেও সূত্রের খবর। 

বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে রেহাই মিলবে না। 

১৫ থেকে ২০টি জাতীয় স্তরের পরীক্ষা পরিচালনার দায়িত্ব এনটিএ-র উপর। এটাই দেশের সবচেয়ে বড় পরীক্ষা নিয়ামক সংস্থা। সম্প্রতি নিট প্রশ্নফাঁসের পরেই এনটিএ-র কেউ জড়িত কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। এবার সেই পরীক্ষা নিয়ামক সংস্থার বিরুদ্ধেই পদক্ষেপ করল কেন্দ্র।

সংবাদ সংস্থা সূত্রে খবর, NTA-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হতে পারে। সূত্রের খবর, এনটিএ-কে ঢেলে সাজাতে চাইছে কেন্দ্র। এনটিএ-র আউটসোর্সিং ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। কারণ এখান থেকেই প্রশ্ন ফাঁসের আশঙ্কা থেকে যায়। 

সদবদল হয়েছে শিক্ষা দফতরেও। উচ্চশিক্ষা দফতরের নতুন সচিব হয়েছেন নরেশ পাল গাঙ্গোয়ার। অন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের নতুন সচিব হবেন টি কে অনিল কুমার। উচ্চশিক্ষা দফতরের সচিব পদে থাকা বিনীত যোশীকে পঞ্চায়েতি রআজ দফতরে সচিব হিসাবে বদলি করে দেওয়া হয়েছে।