মা উপার্জন করেন—শুধুমাত্র এই কারণ দেখিয়ে সন্তানের ভরণপোষণে বাবার আর্থিক দায় এড়ানো যায় না। সন্তানের দায়িত্ব বাবা-মা দু’জনের, তা আয়ের অনুপাতে অঙ্ক কষে ৫০-৫০ ভাগ করা যায় না। শনিবার এক মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: নিউমার্কেট অগ্নিকাণ্ডের জের! চিকিৎসা করাতে কলকাতা এসে বিপাকে বাংলাদেশিরা

এদিন শীর্ষ আদালতে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশ খারিজ করে ফ্যামিলি কোর্টের সিদ্ধান্ত পুনর্বহাল করেছে। মামলায় দুই নাবালিকা মেয়ের জন্য মাসে ৩০ হাজার টাকা করে, মোট ৬০ হাজার টাকা অন্তর্বর্তী ভরণপোষণ দেওয়ার নির্দেশ ছিল। হাইকোর্ট সেই পরিমাণ কমিয়ে ৩০ হাজার টাকা করেছিল, কারণ মা নিজে উপার্জন করেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মায়ের আয় থাকলেই বাবার দায় অর্ধেক হয়ে যায় না। সন্তানের প্রয়োজন, বাবা-মায়ের আর্থিক সামর্থ্য এবং বাস্তবে কে কী দায়িত্ব পালন করছেন—সবকিছু বিবেচনা করেই ভরণপোষণের পরিমাণ নির্ধারণ করতে হবে।এই মামলায় দুই মেয়েই মায়ের সঙ্গে থাকে। মা চাকরি করার পাশাপাশি তাঁদের পড়াশোনা, দৈনন্দিন প্রয়োজন ও লালন-পালনের দায়িত্বও পালন করছেন। তাই শুধু মায়ের উপার্জনের ভিত্তিতে বাবার আর্থিক দায় কমানো যুক্তিসঙ্গত নয় বলে স্পষ্ট করেছে শীর্ষ আদালত। ফলে দুই মেয়ের জন্য মাসে মোট ৬০ হাজার টাকা অন্তর্বর্তী ভরণপোষণের নির্দেশই বহাল থাকল। সুপ্রিম কোর্টের বার্তা স্পষ্ট—সন্তানের দায়িত্ব বা ভরণপোষণ কোনও ‘৫০-৫০’ হিসাব নয়।