অযথা বিলম্বিত করা হচ্ছে ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের দলত্যাগ-বিরোধী আইনে অযোগ্য ঘোষণার বিষয়টি। বিদ্রোহী ২০ জন সাংসদ পদ খারিজের আবেদনের দ্রুত নিষ্পত্তির দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দলত্যাগ বিরোধী আইনে বিদ্রোহীদের সাংসদ পদ খারিজের আবেদন করছিলেন তিনি। কিন্তু সেই আবেদনের নিষ্পত্তিতে অযথা দেরি করা হচ্ছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি গৃহীত হয়েছে। ২৫ অগাস্ট শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে মামলাটি। লোকসভার তৃণমূল দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবিধানের দলত্যাগ-বিরোধী বিধান মেনে সাংসদ পদ খারিজের আবেদন দ্রুত নিষ্পত্তি করার আর্জি জানান। গত ২৭ জুলাই স্পিকারকে লিখিতভাবে বিষয়টি স্মরণ করানো হয়। ১২ অগাস্ট তাঁর সঙ্গে সাক্ষাৎও করেন তৃণমূলের প্রতিনিধিরা। তারপরও সিদ্ধান্ত না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। উল্লেখ্য, তৃণমূলের বিদ্রোহী ২০ সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন। তাঁরা লোকসভায় পৃথক দলের সাংসদের স্বীকৃতির দাবিও জানান।
















