মুম্বইয়ের কোস্টাল রোডে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ল একটি দ্রুতগতির একটি BMW। ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। গুরুতর আহত আরও এক যুবক। রবিবার ভোরে মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ভোর ৫.২০ নাগাদ কালো রঙের BMW-টি কোস্টাল রোড দিয়ে যাচ্ছিল। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেতু থেকে নীচে পড়ে যায়। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা তিন যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ২১ বছরের শনয় গজল এবং ১৭ বছরের ধীর্য শেঠ। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত ২০ বছরের এক যুবককে নায়ার হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সকাল ৮.৪০ নাগাদ হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
তবে দুর্ঘটনায় আক্রান্তের সংখ্যা নিয়ে প্রাথমিক রিপোর্টে কিছুটা বিভ্রান্তি রয়েছে। প্রথমে জানানো হয়েছিল, BMW পাঁচজনকে ধাক্কা মেরেছে এবং চারজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে মুম্বই পুলিশের বিস্তারিত তথ্যে তিন মৃতকেই BMW-র যাত্রী হিসেবে উল্লেখ করা হয়। কোস্টাল রোড কন্ট্রোল রুমে প্রথম দুর্ঘটনার খবর পৌঁছয়। ঘটনার প্রকৃত কারণ এবং দুর্ঘটনার সময়ের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
















