শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনরত অবস্থায় সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। যত সময় যাচ্ছে ততই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তাঁর। পাশে রয়েছেন ককরোজ জনতা পার্টির (CJP) প্রধান অভিজিৎ দিপকে। একটানা অনশন করায় ক্রমাগত শারীরিক অবস্থা উদ্বেগজনক হয়ে পড়ছে রিয়েল লাইফের 'র্যাঞ্চো'র। এবার তাঁর সঙ্গে দেখা করতে ছুটে গেলেন 'থ্রি ইডিয়টস' (3 Idiots) সিনেমার 'চতুর' অর্থাৎ ওমি বৈদ্য (Omi Vaidya)। অভিনেতার কাতর আর্তি, 'ওঁকে মরতে দেবেন না।'
নিট (NEET) কেলেঙ্কারি সহ একাধিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কে নাম জড়িয়েছে ধর্মেন্দ্র প্রধানের। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে জেন জি। কিন্তু তাতে যেন তাপ উত্তাপ নেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। প্রতিবাদে সিজেপির (CJP) ধর্না অবস্থান চলছে দিল্লির যন্তর মন্তরে। যোগ দিয়েছেন সোনম ওয়াংচুক। অনশনরত অবস্থায় তাঁর সুগার লেভেল কমছে। রক্তচাপ ভীষণ রকম অনিয়মিত থাকায় সমাজকর্মীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিও বার্তায় সোনমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সমীকরণের পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা নিয়েও দুঃশ্চিন্তার কথা জানিয়েছেন অভিনেতা ওমি (Omi Vaidya)।
ওয়াংচুকের অনশন নিয়ে সিনেমার 'চতুর' বলেন, "আমি চাই না ফুনসুখ ওয়াংড়ু মারা যাক।আপনাদের অনুরোধ করব ওঁর সম্পর্কে জানুন এবং তিনি কী করছেন সেটা ভালো করে দেখুন।ওঁর মতো একজন অনুপ্রেরণাদায়ক মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকুক সেটাই কাম্য।আমরা প্রত্যেকেই নিজের জীবনে ব্যস্ত। কিন্তু যদি একটু সময় নিয়ে এই বিষয়গুলো সম্পর্কে জানেন তাহলে হয়তো বুঝতে পারবেন এগুলো আপনার, আপনার পরিবার বা বন্ধুদের জীবনেও প্রভাব ফেলতে পারে।আমরা কী করতে পারি তা ভাবার সময় এসেছে।” ভিডিও বার্তার শেষে 'থ্রি ইডিয়টস' সিনেমা বিখ্যাত সংলাপের প্রসঙ্গ টেনে সমাজ পরিবর্তনের ভাবনাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন অভিনেতা।
















