প্রধানমন্ত্রী কেন ঘুরে ফিরে রাহুল গান্ধীকেই (Rahul Gandhi) টার্গেট করেন? রাহুল সফট টার্গেট বলে? নাকি তাঁকে অপমানজনক ভাষায় (পাপ্পু) আক্রমণ করলে শিক্ষা ও সংস্কৃতিগত পার্থক্যের কারণে রাহুল তাঁকে বিলো দ্য বেল্ট হিট করেন না, এটা তাঁর সুবিধা। সুযোগ পেলেই সাতের দশকের জরুরি অবস্থার কথা বলেন। কিন্তু সেটা ভাঙাতে ভাঙাতে মরচে পড়ে গিয়েছে। ভাইয়ো অওর বহেনো আর খাচ্ছে না। তাই নতুন করে আক্রমণ করছেন জিডিপি নিয়ে। আসল কারণ হল, কংগ্রেসের (Congress) যত বিরোধিতা করছে বিজেপি, তাতে কংগ্রেসের খুব একটা ক্ষতিই হচ্ছে না। 

বিজেপি (BJP) নিজেদের ধামাধরা, পেটোয়াদের দিয়ে মাঝে মধ্যেই নানা সমীক্ষা প্রকাশ্যে আসে। সেই সমীক্ষাতেই দেখানো হয়, মোদিকে প্রধানমন্ত্রী চাইছেন এমন মানুষের সংখ্যা ৪৭ শতাংশ! যারা বিজেপির সোশ্যাল মিডিয়ার (Social Media) কারসাজির খবর রাখেন এবং অমিত মালব্যর কারসাজি জানেন, তারা বলছেন, ডাহা মিথ্যে এই সমীক্ষা। কেন? বৃটিশ ওই সংস্থা সম্প্রতি ভারতে প্রধানমন্ত্রীর দৌড়ে কারা আছেন বা কাদের মানুষ গ্রহণ করতে চাইছেন, সে নিয়ে সমীক্ষা করে। আসলি সমীক্ষা। সেটা রীতিমতো চক্ষু চড়কগাছ করা সমীক্ষা। বিজেপির ভিতে হৃদকম্প ধরিয়ে দেওয়ার মতো।  সেখানে দেখা যাচ্ছে বিগত সাত মাসে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ১৭ শতাংশ কমেছে। অন্যদিকে রাহুলের জনপ্রিয়তা বেড়েছে ১১ শতাংশ। কম প্রচারিত এই সংস্থার সমীক্ষা রিপোর্ট ভারতে যাতে ছড়িয়ে না পড়ে, তার সব ব্যবস্থা তলে তলে করা হয়েছিল। আর তারপরই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখানো শুরু হয় যে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তায় মোদি এগিয়ে কয়েক যোজন। কেউ কেউ তো বেড়ে খেলে রাহুলের আগে বিজয় থালাপতিকেও বসিয়ে দেন। 

কিন্তু মোদির জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কী? ব্রিটিশ ওই সমীক্ষা বলছে... এক, প্রতিশ্রুতি দিয়ে না রাখা।  দুই,  ধর্মীয় জিগির তুলে অস্থিরতা তৈরি করা। তিন, বেকারত্ব এবং চার, মূল্যবৃদ্ধি। পাঁচ, এমএলএ-এমপি (MLA-MP) কেনাবেচার রাষ্ট্রীয়করণ। সিবিআই-ইডিকে বিজেপির শাখা সংগঠনে পরিণত করা। ফলে সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকেছে!  ওই ব্রিটিশ সমীক্ষক দল বলছে, ভারতে গ্রামীন অর্থনীতির সবচেয়ে করুণ দশা। এই অবস্থা মনমোহন সিংয়ের জমানায় ছিল না। সরকার তার বিজ্ঞাপনে যে খরচা করে, তাতে ভারতের কোনও একটি রাজ্যের বার্ষিক বাজেটের কাছাকাছি চলে যাচ্ছে। অথচ কাজ হচ্ছে সামান্যই। ফলে উন্নয়নের খতিয়ান দিতে আগের সরকারকে বারবার টেনে আনতে হচ্ছে। গালাগাল করতে হচ্ছে কংগ্রেসকে, রাহুল গান্ধীকে। মোদির উপায় নেই।