নিট-ইউজি ২০২৬-এর প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্কের আবহ তৈরি হওয়ার পর পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে একাধিক পদক্ষেপের পথে হাঁটল কেন্দ্র। সেই ধারাবাহিকতায় আগামী ৩০ অগাস্ট নিট-পিজি পরীক্ষায় বেশ কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি, মূল্যায়নের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং জালিয়াতির সম্ভাবনা রুখতেই এই পরিবর্তনগুলি আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এবার আবেদনপত্র জমা দেওয়ার সময় পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী তিনটি রাজ্যের বিকল্প দিতে পারবেন। এর ফলে বাড়ির কাছাকাছি পরীক্ষা কেন্দ্র পাওয়ার সুযোগ বাড়বে। একইসঙ্গে, পরীক্ষার প্রায় তিন সপ্তাহ আগেই কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে, যাতে দূরের কেন্দ্রে পরীক্ষা পড়লেও যাতায়াত ও থাকার পরিকল্পনা আগেভাগে করা যায়। পরীক্ষার ধরনেও পরিবর্তন এসেছে। প্রশ্নের সংখ্যা ২০০-এর বদলে ১৮০ করা হলেও পরীক্ষার সময় ২১০ মিনিটই রাখা হয়েছে। ফলে প্রতিটি প্রশ্নের জন্য তুলনামূলক বেশি সময় মিলবে।
স্বচ্ছতা বজায় রাখতে গোটা দেশের পরীক্ষা এবার একটিমাত্র শিফটে নেওয়া হবে। দেশের প্রায় ৩৪০টি শহরের ১,৩০০টিরও বেশি কেন্দ্রে একই সময়ে পরীক্ষা হবে। নিরাপত্তা জোরদার করতে আধার-ভিত্তিক বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে আইরিস স্ক্যানের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি সিসিটিভি নজরদারি, সিগন্যাল জ্যামার এবং ডিজিটাল এনক্রিপশনের মাধ্যমে প্রশ্নপত্র সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করে প্রযুক্তিনির্ভর ও নির্ভুল ব্যবস্থাপনার উপর জোর দিয়েছেন। এ বছর প্রায় ২ লক্ষ ৭৩ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী নিট-পিজি পরীক্ষায় অংশ নেবেন, যা গত বছরের তুলনায় প্রায় ১২.৫ শতাংশ বেশি।
















