দিল্লিতে নিট কেলেঙ্কারির প্রতিবাদে এ বার আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে স্পষ্ট ভাষায় দাঁড়িয়ে গর্জে উঠলেন সুরকার --গায়ক অরিজিৎ সিং। সোমবার সকাল থেকেই ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ বাঁধে। অভিযোগ, বিক্ষোভ দমন করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে এবং একাধিক কাঁদানে গ্যাসের সেল ফাটায়।

রাজপথে ছাত্র পেটাইয়ের ছবি সামনে আসতেই সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ উগরে দেন অরিজিৎ। সোমবারের ঘটনা প্রসঙ্গে এক্স-এ একটি পোস্ট লিখে তিনি পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে সরাসরি নিশানা করেন। অরিজিৎ লেখেন, ‘আরে এখন তো আপনারা পড়ুয়াদেরও পেটাচ্ছেন! আপনারা এতটুকুও লজ্জিত নন?’ 

ক্ষমতার অলিন্দে থাকা রাজনৈতিক নেতৃত্বকে তীব্র কটাক্ষ করে তিনি আরও যোগ করেন, ‘এই যে নেতা-মন্ত্রীরা, নিজেদের কি ভগবান মনে করছেন? সব মনে থাকবে। হর হর মহাদেব। মনে রাখবেন, পরিবর্তনই হলো একমাত্র নিয়ম।’ রাজনৈতিক বা সামাজিক ইস্যু নিয়ে অরিজিতের এমন সোচ্চার হওয়া অবশ্য প্রথম নয়। এর আগে ২০২৪ সালে কলকাতার আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনাতেও ন্যায়বিচারের দাবিতে সুর চড়িয়েছিলেন তিনি। 

উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সর্বভারতীয় একাধিক পরীক্ষার স্বচ্ছতা রক্ষা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে সিজেপি। দিল্লির রাজপথে শিক্ষার্থীদের এই আন্দোলন এবং তাঁদের ওপর পুলিশি পদক্ষেপের পর অরিজিৎ সিং ছাড়াও একাধিক বিশিষ্টজন তাঁদের সমর্থন জানিয়েছেন। হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, বীর দাস, দিয়া মির্জা, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, জিনাত আমান, প্রকাশ রাজ এবং শাবানা আজমির মতো তারকাদের সুরও মিলেছে আন্দোলনকারীদের দাবিতে।