দিল্লির রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। এবার দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় নর্দমায় গাড়ি পড়ে মৃত্যু হল এক সেনা আধিকারিকের ছেলের। মৃতের নাম যশবেন্দ্র (২০)। সূত্রের খবর, সেনা আধিকারিকের এই পুত্র আমেরিকায় উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরেছেন। শুক্রবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির নাঙ্গাল দেওয়াত এলাকায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নর্দমায় পড়ে যায়। বসন্ত কুঞ্জ দক্ষিণ থানার পুলিশ সূত্রে খবর, গাড়িতে তরুণের এক বান্ধবী ছিলেন এবং এদিনের দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি।
খবর পেয়ে সেখানে যায় বসন্ত কুঞ্জ সাউথ থানার পুলিশ। সেখানেই একটি নালার মধ্যে গাড়িটি উল্টে পড়ে থাকতে দেখেন তাঁরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় যশবেন্দ্রর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যশবেন্দ্রর বান্ধবীর বাড়ি বসন্ত কুঞ্জ। গাড়িতে বান্ধবীকে তাঁর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন যশবেন্দ্র। পুলিশ জানিয়েছে, নিহত তরুণী যুক্তরাষ্ট্রে একই শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষারত ছিলেন এবং সেখানেই তাঁদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওই তরুণীর বাবা ওখলার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা ডিপার্টমেন্টে কর্মরত এবং তাঁর মা গৃহিণী।
তরুণী জানিয়েছেন, নাঙ্গাল দেওয়াত ট্রাফিক সিগন্যালের কাছে একটি বাঁকের কাছে রাস্তা এতটাই পিছল হয়েছিল যে যশবেন্দ্র গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আধিকারিকরা জানিয়েছেন এই নিয়ে তদন্ত চলছে।
















