ভারতের উত্তর-পূর্ব রাজ্য অসমে বন্যা পরিস্থিতির (Flood situation in Assam) জেরে মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না। এএসডিএমএ (Assam State Disaster Management Authority) জানিয়েছে বুধবার শিবসাগর জেলার নজিরা রাজস্ব চক্র এলাকায় সাতজনের মৃত্যু হওয়ায় চলতি বছরের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫। ক্ষতিগ্রস্ত অন্তত সাড়ে তিন লক্ষ মানুষ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। গোলাঘাট জেলার নুমালিগড়ে ধানসিড়ি (দক্ষিণ) নদীর জল এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
আতঙ্কিত সাধারণ মানুষ থেকে আবহবিদরা বলছেন, গত পাঁচ দশকে এত ভয়াবহ বন্যা দেখেনি অসম। ফুঁসছে ব্রহ্মপুত্র, জলস্তর বেড়েছে তার শাখা নদীগুলিতেও।বর্তমানে শিবসাগর, চরাইদেও, গোলাঘাট, জোড়হাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ—এই সাতটি জেলা বন্যাকবলিত।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর ও চরাইদেও। প্রশাসনের তরফ থেকে অবশ্য বলা হয়েছে যে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে সেই কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে ৩ লক্ষ ৩২ হাজার ৬৩৯তে নেমে এসেছে। ত্রাণ ও উদ্ধারকাজে সেনাবাহিনী, বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল, পুলিশের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও হাত লাগিয়েছে। এখনও প্রায় ৪৫ হাজার ৩৪১.৯৮ হেক্টর কৃষিজমি জলমগ্ন।বিভিন্ন এলাকায় বাড়ি, গোয়ালঘর, স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মিলেছে। মৃতদের পরিবারকে দেওয়া এককালীন আর্থিক সহায়তা বাড়িয়ে ৯ লক্ষ টাকা করার ঘোষণা করেছে অসম সরকার (Assam Government)।
















