সময়ের সাথে পাল্টেছে রণকৌশল। উন্নতমানের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে ভারতের অস্ত্র ভাণ্ডারে একাধিক অস্ত্র যোগ হয়েছে। এবার ভারতীয় সেনার শক্তি বাড়াতে আসছে ‘বাজ ব্যাটালিয়ান’। চিন, পাকিস্তানের সঙ্গে আগে সীমান্ত সংঘাত দেখা গিয়েছে ভারতের। প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে ভারতীয় সেনার অংশ হতে চলেছে এই নয়া ব্যাটালিয়ান। অপারেশন সিঁদুরের সময় দেখা গিয়েছে, ভারতীয় সেনার ড্রোন কীভাবে দেশের প্রতিরক্ষার কাজে সাহায্য করেছিল। এবার সেই ড্রোনকে কেন্দ্র করে ‘বাজ ব্যাটালিয়ন’কে স্বতন্ত্র ইউনিট হিসেবে গড়ে তোলা হচ্ছে। সম্পূর্ণ চালকবিহীন আকাশযান-ভিত্তিক কার্যক্রমের (আনম্যানড এরিয়াল অপারেশন) ওপর কাজ করবে এই ব্যাটালিয়ান।
সেনাবাহিনীর মতে, এই ব্যাটালিয়নগুলো গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ (ISR), আকাশপথে নজরদারি, ‘লোইটারিং মিউনিশন’ পরিচালনা, আর্টিলারি ও মিসাইল ইউনিটের সাথে যৌথভাবে কাজ করবে। এছাড়াও ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ও কাউন্টার ড্রোন হামলার কাজও করবে। পদাতিক বাহিনীকে সাহায্য করার জন্য এই বাজ-বাহিনীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। আনম্যানড এরিয়াল সিস্টেমের একাধিক ক্ষেত্রে এই বাজ বাহিনী এক একটি ইউনিট হিসাবে কাজ করবে। সূত্রের খবর,‘বাজ ব্যাটালিয়ন’ গঠনের সিদ্ধান্ত মূলত চীনের সাথে ‘লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল’ (LAC) বরাবর সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় প্রাপ্ত অভিজ্ঞতা এবং গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’-এ ড্রোনের সফল ব্যবহারের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।
'বাজ ব্যাটালিয়ন' সেনাবাহিনীর ড্রোন সক্ষমতাকে অনেকটাই বাড়িয়ে তুলবে এবং আরপিএ (RPA) কার্যক্রম পরিচালনার উপযোগী করে এটিকে গড়ে তোলা হবে বলেই জানা গিয়েছে। এটি যেকোন গুরুত্বপূর্ণ অভিযানের সময় দ্রুত ও অধিকতর তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
















