দিল্লির যন্তরমন্তরের ঘটনায় নীরব, কিন্তু বিরোধী শাসিত ঝাড়খন্ডে পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনীতি করতে আসরে নেমে পড়ল NDA সমর্থিত বিজেপি (BJP)। ইন্ডিয়া (I.N.D.I.A)ব্লকের শরিক হেমন্ত সোরেনের রাজ্যে যেভাবে পড়ুয়াদের উপর নির্বিচারে লাঠিচার্জ করেছে পুলিশ তার প্রতিবাদে নিন্দার ঝড় সর্বত্র। মঙ্গলবার ঝাড়খন্ড জুড়ে বনধ ডেকেছে বিজেপি।ঝাড়খণ্ড পুলিশের (Jharkhand Police) মারে শতাধিক পড়ুয়া আহত হয়েছেন বলে অভিযোগ। আজ সংসদের মকরদারের বাইরে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা যায় এনডিএ সাংসদদের। অবিলম্বে ঝাড়খন্ড সরকারের উপর থেকে সমর্থন তুলে নিতে হবে রাহুল গান্ধীকে, দাবি কেন্দ্রের শাসকদলের। 

যত দিন যাচ্ছে ততই প্রশ্ন ফাঁস মাথাচাড়া দিচ্ছে দেশ জুড়ে। নিট কেলেঙ্কারির রেশ কাটার আগেই ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে উঠেছে। হেমন্তের রাজ্যে প্রায় ১৭ দিন ধরে প্রতিবাদ করছেন পড়ুয়ারা। সোমবার বিধানসভা অভিযান করতেই পড়ুয়াদের আটকাতে নির্বিচারে লাঠিচার্জ, জলকামান, টিয়ার গ্যাস প্রয়োগ করতে দেখা যায় পুলিশকে। অন্তত ১০০ জন পড়ুয়া আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। প্রতিবাদীরা বলছেন কোনও কারণ ছাড়াই তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বর্বরোচিত আচরণ দেখিয়েছে। প্রতিবাদে সুর চড়িয়েছে ঝাড়খণ্ড বিজেপি। রাজ্য সভাপতি আদিত্য সাহু বলেন, "চাকরি বিক্রি করা হচ্ছে। আমাদের সন্তানদের উপর অন্যায় অত্যাচার চলছে। বর্বরের মতো আমাদের সন্তানদের উপর লাঠি চলেছে। প্রতিবাদী পড়ুয়ারা আমাদের সন্তান। তাই ওদের পাশে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা পথে নামবে।" সেই মতো আজ সকাল থেকে চলছে বনধ। অন্যদিকে এই একই ইস্যুতে উত্তাল সংসদও।

বিগত দুসপ্তাহের মতো আজও সংসদ ভবনে আয়োজিত হয়েছিল কেন্দ্রের শাসকজোট এনডিএ-র ‘মঙ্গল মিলন’ বৈঠক। হাতে জাতীয় পতাকা নিয়ে সেই বৈঠক থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশি বলপ্রয়োগের বিরুদ্ধে সংসদ চত্বরেই প্রতিবাদে ফেটে পড়েন এনডিএ সাংসদেরা। বিক্ষোভে যোগ দেন তৃণমূলত্যাগী এনসিপিআই-এর সাংসদ শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, রচনা বন্দ্যোপাধ্যায় ও শর্মিলা সরকার। যন্তর মন্তরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি ও ক্ষমা চাওয়ার দাবিতে যেমন সরব বিরোধী জোট ‘ইন্ডিয়া’, তেমনই ঝাড়খণ্ডের ঘটনায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘দ্বিমুখী নীতি’র অভিযোগে পাল্টা সমালোচনা শাসক এনডিএ-র (NDA)। মঙ্গলবার সংসদ ভবনের মকর দ্বারের সামনে দুই শিবিরের সাংসদদের মুখোমুখি স্লোগানযুদ্ধে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।