পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার কোনও আইনি ক্ষমতা বার কাউন্সিলের নেই, NALSAR আইন বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলার শুনানিতে এমনই স্পষ্ট মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিল, কোনও আইন পড়ুয়া আইনজীবী হিসেবে বার কাউন্সিলে (Bar Council) নথিভুক্ত হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে বার কাউন্সিলের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার তৈরি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant), বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) এবং বিচারপতি ভি মোহনার (Justice V. Mohana) বেঞ্চ জানায়, পড়ুয়াদের ক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের হাতে রয়েছে।

উল্লেখ্য, এই মামলার সূত্রপাত NALSAR বিশ্ববিদ্যালয়ের ২০২৬ ব্যাচের পড়ুয়াদের ঘিরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার (BCI) একটি নির্দেশকে কেন্দ্র করে। গত ১৩ অগস্ট BCI চেয়ারম্যান মানন কুমার মিশ্র বিশ্ববিদ্যালয়ের ২০২৬ ব্যাচের পড়ুয়াদের এনরোলমেন্ট (Enrollment) স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি, প্রধান বিচারপতি সূর্য কান্তকে ঘিরে পড়ুয়া ও শিক্ষকদের প্রচারের অভিযোগে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে নির্দেশ জারির পরেই শুরু হয় তীব্র বিতর্ক। প্রায় এক ঘণ্টার মধ্যেই ওই নির্দেশ প্রত্যাহার করে নেয় BCI। পরবর্তী সময়ে পড়ুয়াদের কাছে ক্ষমাও চান BCI চেয়ারম্যান।

ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন NALSAR-এর দুই প্রাক্তনী মিহিরা সুদ এবং অভিষেক তিওয়ারি। তাঁদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কে পরমেশ্বর (Senior Advocate K. Parameswar)। তাঁর বক্তব্য ছিল, নির্দেশগুলি প্রত্যাহার করে নেওয়া হলেও সেগুলি কোন আইনি ক্ষমতাবলে জারি করা হয়েছিল, তা আদালতের দেখা প্রয়োজন। BCI-এর তরফে আদালতকে জানানো হয়, বিতর্কিত নির্দেশগুলি সঙ্গে সঙ্গেই প্রত্যাহার করা হয়েছিল এবং BCI-এর বৈঠকের পর বিষয়টির নিষ্পত্তি হয়ে গিয়েছে। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে দেন, আইন পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনও বিধিবদ্ধ এখতিয়ার BCI কিংবা রাজ্য বার কাউন্সিলগুলির নেই। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনও আইন স্নাতক বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিভুক্ত হওয়ার পরেই সংশ্লিষ্ট বার কাউন্সিল তাঁর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে পারে।

এদিন শীর্ষ আদালত আরও জানায়, পড়ুয়া ও শিক্ষকদের বিরুদ্ধে BCI বা কোনও রাজ্য বার কাউন্সিল যাতে শাস্তিমূলক পদক্ষেপ করতে না পারে, সে বিষয়ে আগে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষাকেও স্থায়ী করে দেওয়া হয়েছে। এর আগে শুনানিতে প্রধান বিচারপতি BCI চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি যখন প্রধান বিচারপতি এবং NALSAR-এর পড়ুয়াদের মধ্যে, তখন BCI কেন সেখানে হস্তক্ষেপ করছে—তা নিয়েও প্রশ্ন ওঠে। পাশাপাশি, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার পড়ুয়াদের রয়েছে বলেও স্পষ্ট করেছিলেন প্রধান বিচারপতি।