দেশের জাতীয় প্রতীকের সম্মান রক্ষায় আরও কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। রাষ্ট্রীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংক্রান্ত আইনের পরিধি বাড়িয়ে এবার 'বন্দে মাতরম'-কে আইনি সুরক্ষার আওতায় আনার তোড়জোড় শুরু হয়েছে। সংসদের বাদল অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় এই সংক্রান্ত সংশোধনী বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

প্রস্তাবিত 'ন্যাশনাল অনার (সংশোধনী) বিল, ২০২৬'-এর মূল লক্ষ্য হলো ১৯৭১ সালের মূল আইনের ৩ নম্বর ধারার সংশোধন। নতুন এই বিলে জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম'-কে জাতীয় সংগীত 'জন গণ মন'-এর সমকক্ষ আইনি মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। খসড়া প্রস্তাব অনুযায়ী, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বন্দে মাতরম গাওয়ায় বাধা সৃষ্টি করেন কিংবা এই গান পরিবেশনের সময় কোনও সমাবেশে বিঘ্ন ঘটান, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড, আর্থিক জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে। 

আইন দফতর সূত্রে জানানো হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'বন্দে মাতরম' ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অঙ্গ। ১৯৫০ সালের ২৪ জানুয়ারি গণপরিষদের তৎকালীন সভাপতি ড. রাজেন্দ্র প্রসাদও ঘোষণা করেছিলেন, বন্দে মাতরম গানটি জাতীয় সংগীতের সমান মর্যাদা ও সম্মান পাবে। কিন্তু এতদিন পর্যন্ত এই গানটির অবমাননা বা বিঘ্ন রোধে সুনির্দিষ্ট কোনও আইনি রক্ষাকবচ ছিল না। সেই আইনি শূন্যতা দূর করতেই এই বিল আনা হচ্ছে বলে সরকারের দাবি। বাদল অধিবেশনের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে।