ফের একবার মোদি-শাহর স্বৈরাচার প্রকাশ্যে! এবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বই প্রকাশ নিয়ে শুরু হল জটিলতা। Penguin Random House India-র তরফে বইটি প্রকাশিত হওয়ার কথা থাকলেও শুক্রবার তারা জানিয়েছে, সনিয়ার আত্মজীবনী প্রকাশ করা তাঁদের পক্ষে সম্ভব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত-চিন সম্পর্ক নিয়ে তাঁর অবস্থান এবং RSS-এর কর্মকাণ্ড নিয়ে বইয়ে সনিয়া যা লিখেছেন, সেই নিয়েই প্রকাশনা সংস্থার সঙ্গে সনিয়ার মতবিরোধ ঘটেছে বলে অভিযোগ।
সনিয়ার আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’ নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। বইপ্রেমীদের অপেক্ষাও নেহাত কম নয়। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল জানান সনিয়াকে তাঁর আত্মজীবনী থেকে বেশ কিছু অংশ বাদ দিতে বলা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই বিষয়ে রাজি হননি কংগ্রেসনেত্রী। এরপরেই নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রকাশনা সংস্থার তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘Penguin Random House India ভারতে Belonging-এর প্রকাশক নয়। লেখিকা প্রস্তাব অনুযায়ী কিছু বিষয় পরিবর্তন না করার ফলে বইটি প্রকাশ করা হচ্ছে না, এই ধারণা সঠিক নয়। বই প্রকাশের স্বাভাবিক পদ্ধতি অনুযায়ী, প্রকাশনা সংস্থা হিসেবে সত্যতা যাচাই করা এবং বইয়ের জন্য লেখকদের উপযুক্ত পরামর্শ দেওয়া আমাদের অধিকার এবং দায়িত্ব। আমরা বইটি প্রকাশে অত্যন্ত আন্তরিক এবং আগ্রহী ছিলাম’।
জানা যাচ্ছে, সনিয়ার তরফে যে খসড়া জমা দেওয়া হয়, লিগাল স্ক্রুটিনির সময় সেটা নিয়ে সমস্যা শুরু হয়। বইয়ে বিভিন্ন সময় মোদির সঙ্গে আলোচনা, তাঁর চিন নীতির বিষয়ে নিজের অবস্থান বইয়ে তুলে ধরেন সনিয়া। RSS-এর কাজ নিয়েও নিজের মতামত জানান। Penguin-এর আইনি বিভাগ বইয়ের ওই সব অংশ বাদ দিতে এবং একাধিক জায়গায় পরিবর্তন করতে বললে সনিয়া জানিয়ে দেন, নিজের জীবনের খুঁটিনাটি এই বইতে তুলে ধরেছেন তিনি তাই কারও কথায় নিজের জীবনীতে পরিবর্তন করার পক্ষপাতী তিনি নন। এটা লেখকের গল্প বলার পদ্ধতিতে একধরনের অন্যায্য হস্তক্ষেপ। গত কয়েক বছর ধরেই বইটি লিখছিলেন সনিয়া। যুদ্ধকালীন ইতালিতে জন্ম, রাজীব গান্ধীর সঙ্গে আলাপ, ভারতে পা রাখার পর জীবনের গতিপথ বদলে যাওয়া, সবকিছু তুলে ধরেছেন তিনি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, সাহিত্যিকদের সঙ্গে পরামর্শ শুধু না রীতিমতো গবেষণাও করেন তিনি। সনিয়ার দফতর বিষয়টি নিয়ে মন্তব্য না করলেও কংগ্রেস নেতা অশোক গেহলট বিষয়টির প্রতিবাদ জানিয়ে বলেন ভারতে বইটি প্রকাশিত হওয়ার কথা থাকলেও সরে দাঁড়াল প্রকাশনা সংস্থা। বই প্রকাশের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল। প্রশ্ন তোলেন, ভারতে কেন বইটি প্রকাশিত হবে না? মোদিজী, চিন এবং RSS-তে নিয়ে কিছু লেখা হয়েছে বলেই একধরনের চাপ আসছে। তাহলে গণতন্ত্র কোথায় দেশে যেখানে বাক স্বাধীনতা নিষিদ্ধ করা হচ্ছে।
তবে ভারতে বর্জন করা হলেও বিদেশে প্রকাশিত হবে বইটি। আগামী ১০ নভেম্বর আন্তর্জাতিক বাজারে প্রকাশিত হতে চলেছে এই আত্মজীবনী। বিদেশে সনিয়ার বইটি প্রকাশ করছে Blanche Knopf and Alfred Knopf Sr. তাদের দাবি বইটি অত্যন্ত তথ্য়সমৃদ্ধ। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের একবার কেন্দ্রের দিকে আঙুল উঠতে শুরু করেছে। তাদের তরফে Penguin-এর চাপসৃষ্টি করা হচ্ছে সেই বিষয়ে একপ্রকার নিশ্চিত সমালোচকরা। তবে এই প্রথম না,. এর আগে, প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণের জীবনী ‘Four Stars of Destiny’ বইটি প্রকাশ করা থেকেও বিরত ছিলেন তারা। বইটিতে ২০২১ সালে গালওয়ানে ভারত-চিন সংঘর্ষ নিয়ে কিছু তথ্য তুলে ধরেছিলেন তিনি। আবার ২০১৩ সালের মুজফ্ফরনগর দাঙ্গা নিয়ে জো সাকোর লেখা ‘The Once and Future Riot’ বইটিও তারা ভারতের মানচিত্র বিকৃত করা হয়েছে দাবি করে প্রকাশ করেনি। তবে এসব যে নিছক অজুহাত এবং ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ফলেই এই ধরনের বই প্রকাশ করা হচ্ছে না এই নিয়ে নিন্দায় সরব বইপ্রেমীরা।















