বিজেপির কেন্দ্রীয় কমিটিতে বিপুল রদবদল। এতদিন ব্রাত্য ছিলেন যাঁরা সেই বসুন্ধরা রাজে সিন্ধিয়া, স্মৃতি ইরানিরা আবার সামনের সারিতে। দিলীপ ঘোষদের স্মৃতি উসকে বঙ্গ থেকে দুজন কেন্দ্রীয় কমিটিতে। কিন্তু এত রদবদলের মধ্যে ডানা ছাঁটা হল অমিত মালব্যের (Amit Malavya)। বিজেপির আইটি সেলের প্রধানের দীর্ঘদিনের পদ হারালেন তিনি। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন দীপক মাহস্কে। আর নতুন তালিকায় নামই নেই মালব্যের।
সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Navin) নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা হয়েছে। তালিকায় রয়েছেন ১৩ জন সহ-সভাপতি, ৮ সাধারণ সম্পাদক ও ১৬ জন সম্পাদক। নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তালিকায় কোথাও নাম নেই মালব্যের।
কেন সরানো হল অমিত মালব্যকে?
পদ্ম শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে দলের মধ্যেই প্রাক্তন আইটি সেলের (IT Cell) প্রধানের বিরুদ্ধে না না ক্ষোভ ছিল। অনেকেই বলছেন, ক্ষমতার অপব্যবহার করে নিজের এক্তিয়ারের বাইরে নাক গলাচ্ছিলেন তিনি।
পাশাপাশি প্রাক্তন আইটি সেলের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, মুখে বড় বড় কথা বললেও, নিজের কাজ সঠিকভাবে করতে পারছিলেন না। বিরোধীদের স্যোশাল মিডিয়ার সঙ্গে পাল্লা দিতে পারছিলেন না অমিত মালব্য।
অমিত মালব্যের জায়গায় আইটি প্রধান হিসেবে আনা হয়েছে ছত্তিশগড়ের বিজেপি নেতা দীপক মাহস্কেকে। তাঁর সহকারী চারজন সহ-আহ্বায়ক- প্রীতি গান্ধী, শিবানন্দ দ্বিবেদী, অলোক ভট্ট ও অরুণ যাদব। এছাড়া মিডিয়া সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে অনিল বলুনিকে। যোগাযোগ কৌশলের যুগ্ম সমন্বয়কারী হিসেবে তাঁর সহকারী আশিস ঊষা আগরওয়াল, প্রদীপ ভাণ্ডারী ও সিদ্ধার্থ যাদব।
তবে, অমিত অনুগামীদের দাবি, বিজেপির ‘এক ব্যক্তি এক পদ’ নীতি মেনেই তাঁকে সরানো হয়েছে। তাঁদের নেতা মালব্যকে আরও বড় নতুন দায়িত্ব দেওয়া হবে। যদিও এদিনের প্রকাশিত তালিকায় তার কোনও উল্লেখ নেই।
















