একটানা বৃষ্টিতে এবার মুম্বই নগরীতে (Mumbai) বহুতল বিপর্যয় (Building Collapsed)। মেরামতির কাজ চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি।বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনা ঘটে পাওয়ারলুম টাউনের বালাজি নগরে ।প্রতিবেশীরাই প্রাথমিক ভাবে উদ্ধারকাজে নামেন। এই ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়়েছেন বলে খবর। শুক্রবার সকালেও চলছে উদ্ধারকাজ।

প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বহুতলটিতে ৪৮টি ঘর রয়েছে। স্থানীয় পুর প্রশাসন। আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ তকমা দিয়েছিল। এরপরেও সেখানে কেন মানুষ বসবাস করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়িটির অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। স্থানীয়রা বলছে একটানা বৃষ্টির ফলে ওই বহুতলের ভিত নড়বড়ে হয়ে পড়েছিল। দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মনে করছেন এখনও ভিতরে ৩-৪ জন আটকে রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন, দু’টি অ্যাম্বুল্যান্স ছাড়াও ধ্বংসস্তূপ সরানোর মেশিন আনা হয়েছে।