দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা (bus accident in Delhi -Mumbai expressway)। শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানের দৌসায় ঘটা দুর্ঘটনায় অন্তত ৭ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাসটি হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। বাসটি প্রথমে একটি ট্রেলারের সঙ্গে ধাক্কা খায় এবং এরপরই দুটো গাড়িতেই আগুন ধরে যায়।

ইতিমধ্যেই ঘটনার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, গাড়িগুলো দাউ দাউ করে জ্বলছে এবং যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। বাসের উপরের বার্থে থাকা যাত্রীরা ছিটকে নিচে পড়ে যান। আগুনে পুড়ে পাঁচজন যাত্রীর মৃত্যু হয় এবং মাথায় আঘাতের কারণে দুজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে আপাতত জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত অধিকাংশ যাত্রীই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও যাত্রীদের উদ্ধারের কাজ চালায়। আহতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। তাঁদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও, পুলিশের ধারণা বাসচালক হয়ত ঘুমিয়ে পড়েছিলেন। এছাড়া বাসের মারাত্মক গতিকেও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে দেরিতে পৌঁছনোর ফলে মৃতের সংখ্যা বেড়েছে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। শুধু তাই নয়, বাসের জিনিস রাখার অংশটি সিগারেটের প্যাকেটে ভর্তি ছিল যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর গোটা ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং আহতদের পরিচয় জানার কাজ চলছে।