ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুপুরী নেপাল (Nepal)। ভয়াবহ দুর্যোগের মধ্যে বিপাকে পড়েছেন তীর্থযাত্রায় থাকা তারকারাও। কেউ খুব কাছ থেকে দেখেছেন বন্যার তাণ্ডব, কেউ অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এই কঠিন সময়ে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন সোনু সুদ ও সঞ্জয় দত্ত- সহ (Sonu Sood and Sanjay Dutta) আরও অনেকে। ভয়াবহ এই বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে, এখনও বিপুল সংখ্যক মানুষের খোঁজ চলছে।

এদিকে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন সোনু সুদ। ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে তিনি বলেন, 'নেপাল, তুমি একা নও। আমরা খাবার, যাবতীয় ত্রাণসামগ্রী নিয়ে আসছি। তোমরা যাতে ফের উঠে দাঁড়াতে পারো সেই কামনা করে পুনর্বাসনের ব্যবস্থাও করব।'  নেপালে জন্ম মণীষা কৈরালাও (Manisha Koirala) স্বদেশের এই পরিস্থিতিতে ব্যথিত। সকলের কাছে নেপালের মানুষের জন্য প্রার্থনার আবেদন জানিয়ে তিনি বলেন, 'আপনারা প্লিজ নেপালের জন্য প্রার্থনা করুন। আসুন এই কঠিন সময়ে সকলে একে-অপরের পাশে থাকি।'

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন সঞ্জয় দত্তও। তাঁর বক্তব্য, "নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল। এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি এবং সাধ্যমতো যেকোনও উপায়ে আপনাদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত। সকলে নিরাপদে থাকুন। শক্ত থাকুন।" অন্যদিকে, নেপালের ভূমিপুত্র তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংও (Prabal Gurung) বিপর্যয়ের খবর সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন। 'এই ক্ষতি অপূরণীয়। অনেক প্রাণহানি হয়েছে। নিশ্চিন্ন জনপদ। পরিবারগুলো আতিপাতি করে তাদের প্রিয়জনদের খুঁজছে। বহু মানুষ বাস্তুচ্যুত। এহেন প্রতিকূলতার সঙ্গে লড়ে যাঁরা অক্লান্তভাবে উদ্ধারকাজ চালাচ্ছেন, তাঁদের জন্য, সকল দুর্গতদের জন্য প্রার্থনা।' সোনু, মণীষা ও প্রবালের মতো একাধিক পরিচিত মুখ ইতিমধ্যেই নেপালের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

কৈলাস-মানস সরোবর যাত্রায় থাকা অভিনেত্রী মানসী পারেখ (Manasi Parekh) বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে বিপর্যস্ত এলাকার পরিস্থিতি দেখে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়,  "কী অবস্থা! ৫ দিন আগে এখানেই আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। এখন গোটা জায়গাটাই জলের তলায়। জীবন অনিশ্চিত! অত্যন্ত হৃদয়বিদারক। ইশা ফাউন্ডেশন আমাদের বাড়ি ফেরানোর পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের খোঁজার জন্যও যথাসাধ্য চেষ্টা করছে।"একই যাত্রাপথে থাকা অভিনেতা অঙ্কুর রতনও জানিয়েছেন, "১২ ঘণ্টা আগেই আমি, আমার স্ত্রী শিল্পা সুচক, ওর বোন এই জায়গা দিয়ে পার হলাম। কত ছবি তুললাম এখানে, এখন সবটাই জলের তলায়- ঈশ্বরের অশেষ কৃপা। এখন মানস সরোবরে যাচ্ছি। যাঁরা এই পবিত্র তীর্থে প্রাণ হারিয়েছেন তাদের জন্য ৫২ কিমি পায়ে হেঁটে পৌঁছব। যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের জন্য খুব কষ্ট হচ্ছে।" 

তবে নেপালের এই বিপর্যয় নিয়ে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। নেপালের পাশাপাশি চিনের পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "মর্মান্তিক বললেও কম বলা হয়! সবাই নেপালের কথা বলছে, কিন্তু চিনে ঘটা বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে কেউ জানেনই না। অথচ এর সূত্রপাত চিন থেকেই।" তাঁর এই মন্তব্যের পর নেটমাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া।

সব মিলিয়ে, ভয়াবহ এই দুর্যোগের সময়ে একদিকে যেমন বহু মানুষ এখনও নিরাপদে ফেরার অপেক্ষায়, তেমনই অন্যদিকে উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তারকারাও এই পরিস্থিতিতে শুধু শোকপ্রকাশেই থেমে থাকছেন না। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিপর্যস্ত নেপালের জন্য এখন তাঁদের সকলেরই একটাই বার্তা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে, আর আটকে পড়া প্রত্যেক মানুষকে নিরাপদে ফিরিয়ে আনতে হবে।