খড়্গপুর থেকে ওড়িশার ভদ্রক (রণিতাল) পর্যন্ত চতুর্থ রেললাইন প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে এবং পূর্ব উপকূলীয় রেল করিডরে গতি ফিরবে।

সমাজমাধ্যমে একটি বার্তায় তিনি জানান, প্রায় ১৭৩ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী রেল প্রকল্প সম্পূর্ণ হলে খড়্গপুর রুটে ট্রেনের অতিরিক্ত চাপ অনেকটাই লাঘব হবে। এর ফলে যাত্রীবাহী ট্রেনগুলি যেমন আরও মসৃণ ও নির্দিষ্ট সময়ে চলাচল করতে পারবে, তেমনই পণ্য পরিবহণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি আরও দাবি করেন, ইস্পাত, কয়লা, লৌহ আকরিক, সিমেন্ট, মোটরগাড়ি, কনটেনার এবং খাদ্যশস্যের মতো জরুরি সামগ্রী দ্রুত পরিবহণে এই চতুর্থ লাইন বিশেষ কার্যকর ভূমিকা নেবে। এর ফলে পণ্যবাহী রেল পরিষেবা দ্রুততর হওয়ার পাশাপাশি সামগ্রিক সরবরাহ শৃঙ্খল আরও উন্নত হবে।

একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি বন্দরগুলিও এর সুফল পাবে এবং জাতীয় সড়কে পণ্যবাহী গাড়ির চাপ কিছুটা কমবে। এই মেগা প্রকল্পের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।