গুরগাঁওয়ে (Gurgaon) ফের প্রশ্নের মুখে পথ নিরাপত্তা। গাড়িচালককে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন এক মহিলা বাইকার। অভিযোগ, এরপরই তাঁকে ধাওয়া করতে শুরু করে একটি গাড়ি। শেষ পর্যন্ত সামনে এসে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি। গুরগাঁওয়ের গল্ফ কোর্স রোডে (Golf Course Road) এই  দুর্ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। কয়েক মিটার পর্যন্ত রাস্তায় এগিয়ে তাঁর স্পোর্টস বাইক। জানা গিয়েছে, মহিলা বাইকারের নাম সিয়া। তিনি তাঁর এপ্রিলিয়া RS 457 নিয়ে বাইকিং গ্রুপের সদস্যদের সঙ্গে যাচ্ছিলেন। পুরো ঘটনাটি তাঁর বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে দাবি তাঁর।

সিয়ার অভিযোগ, যাত্রাপথের শুরু থেকেই একটি গাড়ির কয়েকজন আরোহী তাঁকে লক্ষ্য করে বিরূপ আচরণ করছিলেন। গাড়িটি বারবার তাঁর বাইকের কাছে আসার চেষ্টা করলে তিনি দূরত্ব বজায় রাখতে বলেন। কিন্তু অভিযোগ, গাড়ির ভিতর থেকে তাঁকেই বাইক থামাতে বলা হয়। এমনকি গাড়ির আরোহীরা মদ্যপ ছিলেন বলেও দাবি করেছেন সিয়া। পরিস্থিতি এড়াতে বাইকের গতি বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর এক বন্ধু পিছন থেকে বাইক নিয়ে এগিয়ে এসে গাড়িটিকে তাঁর কাছাকাছি আসা আটকানোর চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, তাতেও থামেনি গাড়িটি।এরপর গাড়িটি আচমকাই তাঁর বাইকের সামনে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময়ই ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে পড়েন সিয়া। তাঁর বাইকটি কয়েক মিটার রাস্তায় টেনে নিয়ে যায় গাড়িটি। এরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় সেটি। সিয়ার এক বন্ধু গাড়িটিকে ধাওয়া করে একটি ট্রাফিক সিগন্যালে আটকানোর চেষ্টা করেন। সেখানে চালকের সঙ্গে কথা বলেও নাকি কোনও লাভ হয়নি। সিয়ার দাবি, দুর্ঘটনার দায় নিতে অস্বীকার করেন ওই চালক এবং পরে ফের গাড়ি নিয়ে চলে যান।

ঘটনার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে গুরগাঁও পুলিশের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সিয়া। তাঁর দাবি, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর এবং আরসি মালিকের নামও তিনি পুলিশের নজরে এনেছেন। ভিডিয়ো ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই দিল্লি পুলিশ (Delhi Police), গুরগাঁও পুলিশ, ট্রাফিক পুলিশ এবং হরিয়ানা পুলিশকে (Haryana Police) ট্যাগ করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। কেউ কেউ এ ঘটনায় FIR দায়েরের দাবিও তুলেছেন। কিন্তু একটি প্রশ্নই এখন বড় হয়ে উঠছে—রাস্তায় নিজের নিরাপত্তার কথা বলাটাই কি অপরাধ? সিয়ার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত হলে তবেই স্পষ্ট হবে পুরো ঘটনার আসল ছবি।